এশিয়ায় রিশাদের মতো বোলার অনেকদিন দেখেননি সোধি
২৫ এপ্রিল ২০২৬
রিশাদ হোসেনকে নিয়ে বাংলাদেশ দলে দীর্ঘদিনের লেগ স্পিনারের অভাব পূরণ হয়েছে। জাতীয় দলের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও নিজের প্রতিভার ছাপ রেখে চলেছেন তিনি। তার বোলিংয়ে মুগ্ধ নিউ জিল্যান্ডের অভিজ্ঞ লেগ স্পিনার ইশ সোধির মতে, এরকম বোলার এশিয়ায় অনেক দিন দেখেননি।
২০১৩ সালে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হওয়া সোধি পরবর্তীতে হয়ে উঠেছেন সাদা বলের বিশেষজ্ঞ। নিউ জিল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ১৪০ টি-টুয়েন্টি খেলেছেন তিনি। এই ফরম্যাটে দেশটির দ্বিতীয় আর আন্তর্জাতিক ক্রিকেটে চতুর্থ সর্বোচ্চ ১৬২ উইকেটের মালিকও এই লেগ স্পিনার।
বাংলাদেশের বিপক্ষে আগামী সোমবার শুরু হতে যাওয়া তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ দিয়েই টিম সাউদিকে (১৬৪ উইকেট) পেছনে ফেলে নিউ জিল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ উইকেট শিকারি হয়ে যেতে পারেন সোধি। সিরিজ শুরুর আগে প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে রিশাদকে রীতিমত প্রশংসায় ভাসালেন তিনি।
শনিবার চট্টগ্রামে সংবাদ সম্মেলনে সোধি বলেন, “সে সত্যিই খুব ভালো খেলছে। সে যে অস্ট্রেলিয়ায় গিয়ে বিগ ব্যাশে এত ভালো বোলিং করতে পেরেছে, তাতেই বোঝা যায় সে একজন অত্যন্ত বৈচিত্রময় স্পিন বোলার। এশিয়ান লেগ স্পিনারদের সাধারণত দেখা যায়, তাদের বল প্রায়শই বেশ নিচু, স্কিডি এবং ফ্ল্যাট হয়। কিন্তু সে বেশ প্রথাগত, মানে ওপর দিয়ে বল করে এবং অনেক বাউন্স পায়। সম্ভবত এই অঞ্চলে (এশিয়ায়) এমন বোলার অনেকদিন দেখা যায়নি।”
জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত কেবল সাদা বলেই খেলেছেন রিশাদ। টেস্ট দলে কখনও ডাকও পাননি তিনি। দেশের ঘরোয়া ক্রিকেটের সংস্কৃতির কারণে প্রথম শ্রেণিতে ২৩ বছর বয়সী এই লেগ স্পিনার ম্যাচ খেলার সুযোগ পান না বলেই চলে। ২০১৮ সালের ডিসেম্বরে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত খেলেছেন ২২ ম্যাচ, উইকেট পেয়েছেন ৩৫টি।
রিশাদকে আন্তর্জাতিক ক্রিকেটে সাদা পোশাকে দেখার অপেক্ষায় থাকা সোধি জানান, রিশাদের দিন দিন আরও উন্নতি হতে থাকবে।
“সে দারুণ সম্ভাবনাময় ক্রিকেটার, বলে অনেক ঘূর্ণি তৈরি করতে পারে। মাঝেমধ্যে তাকে ইনস্টাগ্রামে বার্তা পাঠাই। তার সঙ্গে যোগাযোগ থাকাটা বেশ দারুণ ব্যাপার। আমার মনে হয়, তার ভবিষ্যৎ উজ্জ্বল এবং আশা করি সে টেস্ট ক্রিকেটেও সুযোগ পাবে। টেস্ট ক্রিকেটে আবার লেগ স্পিনার খেলতে দেখাটা সত্যিই দারুণ ব্যাপার হবে। আজকাল যা বেশ বিরল, তাই না? সেই স্কিল তার অবশ্যই আছে।”
“সে খুবই প্রতিভাবান বোলার এবং আমার বিশ্বাস সে দিন দিন আরও ভালো হতে থাকবে। আন্তর্জাতিক এবং ফ্র্যাঞ্চাইজি উভয় পর্যায়েই তার শুরুটা দুর্দান্ত হয়েছে এবং আমার মনে হয়, দিন দিন আরও ভালো হতেই থাকবে।”















মন্তব্য করুন: