শ্রীলঙ্কার কাছে সিরিজ হারল বাংলাদেশের মেয়েরা
২৫ এপ্রিল ২০২৬
সোবহানা মোস্তারির শেষ দিকের ঝড়ো ব্যাটিংয়ে দুইশ পার করে লড়াই করার মতো সংগ্রহ গড়েছিল বাংলাদেশ। কিন্তু শ্রীলঙ্কার লক্ষ্য তাড়ায় তেমন কিছুই করতে পারলেন না বোলাররা। ৭ উইকেটের পরাজয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হেরে গেছে নিগার সুলতানা জ্যোতির দল।
শনিবার রাজশাহীতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৮ উইকেটে ২১৩ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। জবাবে ২১ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় শ্রীলঙ্কা।
দারুণ ব্যাটিংয়ে ২০৬ রানের লক্ষ্য তাড়া করে জয় দিয়ে সিরিজ শুরুর পর বাজে ব্যাটিংয়ে শেষ দুই ম্যাচে হারল স্বাগতিকরা। সিরিজ হারল ২-১ ব্যবধানে।
টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেন সোবহানা। পাঁচ নম্বরে নেমে ডানহাতি এই ব্যাটার তার ক্যারিয়ার সেরা ইনিংসটি সাজান ৮০ বলে ৮ চারে। ৯০ বলে এক চারে দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান করেন অধিনায়ক জ্যোতি। ২৫ রান করে ফেরেন তিনে নামা শারমিন আক্তার। এছাড়া আর কেউই ২৫ রান ছাড়াতে পারেননি।
একাদশে ফেরা ফারজানা হক ও শারমিন সুলতানার উদ্বোধনী জুটি থেকে আসে ২৮ রান। ফারজানার (১১) বিদায়ের পর দ্রুত ফেরেন সুলতানাও (১৭)। শারমিনের বিদায়ের পর দলের হাল ধরেন জ্যোতি ও সোবাহানা। কিন্তু তৃতীয় উইকেট জুটিতে ৬৪ রান যোগ করতে তারা খেলেন ১০৪ বল।
জ্যোতির বিদায়ের পর রান তোলায় গতি বাড়ান সোবহানা। ৬০ বলে তুলে নেন ক্যারিয়ারের তৃতীয় ফিফটি। তিনি আউট হন ইনিংসের শেষ ডেলিভারিতে।
লক্ষ্য তাড়ায় নামা লঙ্কান ইনিংসের পঞ্চম ওভারে অধিনায়ক চামারি আতাপাত্তুকে ফিরিয়ে ১৯ রানের জুটি ভাঙেন মারুফা আক্তার। তবে সফরকারীদের ওপর চাপ ধরে রাখতে পারেননি বোলাররা।
দ্বিতীয় উইকেটে ১০৮ রানের জুটিতে দলকে জয়ের ভিত গড়ে দেন হাসিনি পেরেরা ও ইমিশা দুলানি। ৫৬ রান করা দুলানিকে ফিরিয়ে এই জুটি ভাঙেন মারুফা। এরপর হার্শিতা সামারাবিক্রমাকে নিয়ে লঙ্কানদের জয়ের কাছাকাছি নিয়ে যান পেরেরা। ৯৫ রান করা বাঁহাতি এই ওপেনারকে ফিরিয়ে ৭৮ রানের জুটি ভাঙেন সোবহানা। পরের ওভারে লক্ষ্যে পৌঁছায় সফরকারীরা।















মন্তব্য করুন: