রিশাদের গুগলির ধার বাড়াতে কাজ করছেন মুশতাক
২৫ এপ্রিল ২০২৬
জাতীয় দলে আসার পর লম্বা সময় গুগলি করতে দেখা যেত না রিশাদ হোসেনকে। তবে লেগ স্পিনের গুরুত্বপূর্ণ এই কৌশলটি রপ্ত করার পর সম্প্রতি নিয়মিতই এটি ব্যবহার করতে দেখা যাচ্ছে তাকে। এবার বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ জানিয়েছেন, ২৩ বছর বয়সী এই স্পিনারের গুগলিকে ক্ষুরধার করা নিয়ে কাজ করছেন তিনি।
২০২৩ সালের মার্চে জাতীয় দলে অভিষেক হওয়া রিশাদ ইতোমধ্যে সাদা বলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন। টি-টুয়েন্টিতে খেলছেন নিয়মিতই। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়াও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও নিজের ঝলক দেখিয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের সবশেষ আসরে ১৫ উইকেট নিয়ে হয়েছিলেন তার দল হোবার্ট হারিকেন্সের সবচেয়ে বেশি উইকেট নেওয়া স্পিনার। সেই টুর্নামেন্টে তার গুগলির ব্যবহার ছিল চোখে পড়ার মতো।
তবে এখনও এই কৌশলের অনেক কিছু শেখার বাকি আছে বলে জানালেন মুশতাক। নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ শুরুর আগে শনিবার প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে পাকিস্তানের এই কিংবদন্তি লেগ স্পিনার বলেন, “নানা ধরনের বৈচিত্র্য, ক্রিজ ব্যবহার করা (এসব নিয়ে কাজ চলছে)। তার গুগলির আরও কিছুটা উন্নতি করতে হবে। যেমন গুগলির অ্যাঙ্গেল, ডানহাতিদের জন্য কোন দিকে বল করতে হবে, স্টাম্পের কাছ ঘেষে নাকি স্টাম্পের দূর থেকে।”
“আপনারা জানেন, লেগ স্পিনাররা অনেক সময় খরুচে হতে পারে। তাই আমরা তার অ্যাকশন নিয়ে কাজ করতে চাই, যাতে সে নিখুঁত হতে পারে। সে যেন শুধু ভালো ডেলিভারি করার চেয়ে ভালো ওভার করতে পারে। তার অনেক উন্নতি হয়েছেও।”
নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে একাদশের বাইরে ছিলেন রিশাদ। তবে এটিকে বাদ পড়া হিসেবে দেখেন না মুশতাক। তার মতে, এটি রিশাদকে আরও মানসিকভাবে শক্তিশালী করে তুলবে।
“আমার মনে হয়, এটা তার (রিশাদের) অগ্রগতিরই একটা অংশ। মাঝেমধ্যে বাইরে বসে থাকলে মানসিকতা কেমন থাকে? তার মনকে শক্তিশালী করে তোলা কোচ হিসেবে আমাদের দায়িত্ব। আন্তর্জাতিক ক্রিকেট মানেই হলো দারুণ টেম্পারমেন্ট থাকা। অন্য যেকোনো কিছুর চেয়ে বেশি এটা মনস্তাত্ত্বিক খেলা। কারণ স্কিল কাউকে এখানে নিয়ে আসতে পারে, কিন্তু এখানে মানসিকতা দিয়ে টিকে থাকতে হবে। আন্তর্জাতিক পর্যায়ে টিকে থাকতে হলে শক্তিশালী মানসিকতা থাকতে হবে।”
“তাই আমি মনে করি, রিশাদের ক্ষেত্রে একজন কোচ হিসেবে এটা আমাদের এবং আমার দায়িত্ব তাকে মানসিকভাবে আরও শক্ত করে তোলা।… এটা নিশ্চিত করা আমাদের দায়িত্ব যে, যখন কেউ খেলছে না, তখন তারা যেন মানসিকভাবে খুব ইতিবাচক থাকে।”
আগামী সোমবার চট্টগ্রামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টি অনুষ্ঠিত হবে।















মন্তব্য করুন: