আগামী বিশ্বকাপকে লক্ষ্যে রেখে টি-টুয়েন্টি দল সাজাচ্ছে বাংলাদেশ

২৬ এপ্রিল ২০২৬

আগামী বিশ্বকাপকে লক্ষ্যে রেখে টি-টুয়েন্টি দল সাজাচ্ছে বাংলাদেশ

অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া আগামী টি-টুয়েন্টি বিশ্বকাপ শুরু হতে এখনও দুই বছর বাকি। তবে এরই মধ্যে সেই টুর্নামেন্টের জন্য পরিকল্পনা শুরু করে দিয়েছে বাংলাদেশ। নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদকে বিশ্রামে রেখে নতুন দুই পেসারকে এই কারণে দলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অধিনায়ক লিটন দাস।

সোমবার শুরু হতে যাওয়া তিন ম্যাচের এই সিরিজ দিয়ে চলতি বছর প্রথমবারের মতো টি-টুয়েন্টি খেলতে নামবে বাংলাদেশ। সিরিজের প্রথম দুই ম্যাচের দলে নেওয়া হয়েছে পেস বোলিং অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন ও পেসার রিপন মন্ডলকে। দুই অভিজ্ঞ পেসার মুস্তাফিজ ও তাসকিন ছাড়াও এই ম্যাচগুলোর দলে রাখা হয়নি গতিতারকা নাহিদ রানাকে।

চট্টগ্রামে প্রথম ম্যাচে মাঠে নামার আগে রোববার সংবাদ সম্মেলনে দলের এই পরিবর্তন প্রসঙ্গে লিটন বলেন, “বোলারদের ক্ষেত্রে রোটেট করে খেলানোটা খুবই সহজ। আপনারাও জানেন যে, (এই সিরিজে) দুজন নাই, তারা বাংলাদেশের জন্য বড় সম্পদ। আমি চাই না তারা টানা ক্রিকেট খেলে ইনজুরিতে পড়ে শেষ হয়ে যাক। কারণ সামনে আমাদের ওয়ানডে ফরম্যাটে অনেক খেলা আছে, টেস্টও আছে। এ দিক দিয়ে চিন্তা করেই আমরা কিছু কিছু জিনিসে বদল আনা শুরু করেছি।

যেহেতু বিশ্বকাপ অনেক দেরি, ক্রিকেটারগুলোকে গড়ে তোলার জন্য এখনও যথেষ্ট সময় আছে। ম্যাচ খেলানোর জন্য এটা একটা ভালো সুযোগ।

আগামী বিশ্বকাপের কন্ডিশন বিবেচনায় নিয়ে পরিকল্পনা করা হবে জানিয়ে বাংলাদেশের টি-টুয়েন্টি অধিনায়ক বলেন, “আমাদের মূল লক্ষ্য যে বিশ্বকাপ, ২০২৮ সালে, সেটা তো আমরা জানি যে এশিয়াতে নয়। তাই ওভাবেই চিন্তাভাবনা করব। যেহেতু আমাদের একটা বন্ডিং হয়েছিল খুবই ভালো। গত বিশ্বকাপের প্রস্তুতিও খুব ভালো ছিল। চেষ্টা করব ওখান থেকেই যেন দলটাকে ভালো করে ধরে রাখা যায়।

গত বছর ডিসেম্বরের শুরুতে সবশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি খেলেছিল বাংলাদেশ। এরপর ফেব্রুয়ারি-মার্চে টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলার কথা ছিল লিটন-মুস্তাফিজদের। কিন্তু নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে বাংলাদেশের তখনকার অন্তর্বর্তীকালীন সরকার ভারতে দল পাঠাতে রাজি না হওয়ায় আইসিসির কাছে নিজেদের ম্যাচের ভেন্যু শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছিল বিসিবি। কিন্তু আইসিসি তাতে সাড়া না দেওয়ায় শেষ পর্যন্ত টুর্নামেন্টে দল পাঠায়নি তারা।

গত বিশ্বকাপে খেলতে না পারার হতাশা ক্রিকেটাররা কাটিয়ে উঠেছে কি না – জানতে চাওয়া হলে লিটন বলেন, “আমার মনে হয়, অবশ্যই মুভ অন করেছে। কারণ বিশ্বকাপের সময়টাতেও আমরা একটা টুর্নামেন্ট খেলেছি, যেখানে ছেলেরা ভালো ক্রিকেট খেলার চেষ্টা করেছে। সবচেয়ে বড় ব্যাপার হলো, আন্তর্জাতিক ম্যাচ প্রত্যেকটি ক্রিকেটারের জন্য জন্যই খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় তারা ওভাবেই চিন্তা করবে এবং বাংলাদেশের হয়ে খেলার জন্য যে জয়ী মানসিকতাটা দরকার, সেটা নিয়েই মাঠে নামবে।

মন্তব্য করুন: