নিউ জিল্যান্ড সিরিজে মিডল-অর্ডারে খেলবেন ইমন
২৬ এপ্রিল ২০২৬
ওপেনার হিসেবে টি-টুয়েন্টিতে পরিচিতি থাকলেও সাম্প্রতিক সময়ে ব্যাটিং পজিশন পরিবর্তন এসেছে পারভেজ হোসেন ইমনের। জাতীয় দলের হয়ে সবশেষ ম্যাচে চার নম্বরে খেলেছিলেন বাঁহাতি এই ব্যাটার। এছাড়া ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে ইনিংস শুরু করা ছাড়াও চার নম্বরে খেলেছেন তিনি। নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজেও তিনি একই পজিশনে খেলবেন বলে নিশ্চিত করেছেন অধিনায়ক লিটন দাস।
বাংলাদেশের সবশেষ টি-টুয়েন্টি সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচে ওপেনিংয়ে নেমেছিলেন ইমন। প্রথম ম্যাচে ১ রানে ফেরার পর দ্বিতীয় ম্যাচে করেন ২৮ বলে ৪৩ রান। তবে সিরিজের শেষ ম্যাচে চার নম্বরে নামানো হয় তাকে। ওই ম্যাচে ২৬ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন তিনি।
এরপর বিপিএলে চার নম্বরে খেলে টুর্নামেন্টের শুরুটা দুর্দান্ত করেন ইমন। কিন্তু ছয় ইনিংস পর আবার তাকে তুলে আনা হয় ওপেনিংয়ে। টপ অর্ডারে খেলেন ছয় ইনিংস। এরপর পাকিস্তান সুপার লিগে আবার তাকে দেখা যায় চারে। সেখানে প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। তবে তৃতীয় ম্যাচে ওপেনিংয়ে ফিরে ৫ ছক্কায় ১৯ বলে ৪৫ রান করেন বাঁহাতি এই ব্যাটার।
সোমবার চট্টগ্রামে নিউ জিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ শুরুর আগে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ইমনের ব্যাটিং পজিশন নিয়ে জানতে চাওয়া হলে লিটন বলেন, “আপাতত মিডল-অর্ডারে খেলানোর চিন্তাভাবনাই আছে।”
ফলে সিরিজে বাংলাদেশের ব্যাটিং-অর্ডার হবে অনেকটা এরকম – তানজিদ হাসান তামিমের সঙ্গে ওপেনিংয়ে থাকবেন সাইফ হাসান, তিন নম্বরে লিটন এবং চারে ইমন।
টপ ও মিডল-অর্ডার নিয়ে আপাতত দুর্ভাবনা ততটা নেই বাংলাদেশ অধিনায়কের। তবে তিনি রান দেখতে চান নিচের দিকের ব্যাটার কাছ থেকে। তার প্রত্যাশা, এমনটা হলো আরো চাপমুক্ত হয়ে খেলতে পারবেন মূল ব্যাটাররা।
“আমাদের মূল ভাবনার জায়গা, বিশেষ করে শেখ মাহেদী, নাসুম, রিশাদ যারা স্পিন বল করে, তাদের কাছ থেকে আমরা একটু ব্যাটিং আশা করি। আমাদের যে অলরাউন্ডারগুলো আছে, তারা বোলিংয়ের সঙ্গে যদি আমাদেরকে ব্যাটিং দিতে পারে, তাহলে একটা পোক্ত ব্যাটিং অর্ডার তৈরি হয়। আপনি দেখবেন যে বড় বড় দলগুলোতে সবগুলারই গভীরতা অনেক বেশি। ৯ নম্বর পর্যন্ত ব্যাটিং থাকে। ওই গভীরতা যদি আমরা তৈরি করতে পারি, তাহলে মনে হয় আমাদের ব্যাটসম্যানরা ওপর থেকে আরও মুক্ত হয়ে ম্যাচ খেলতে পারবে।”
“টি-টুয়েন্টি ফরম্যাটে যে পাঁচজন আমরা টেইলএন্ডার ধরছি, পাঁচ পেস বোলারের ভেতরে তিনজনই খুবই ভালো ব্যাটিং পারে। আমি যদি শরিফুল ও রিপন মন্ডলকে দেখি, তাহলে হয়তো তারা খুব একটা ভালো ব্যাটসম্যান নয়, তবে টুকটাক পাঁচ-ছয় রান করে দিতে পারবে। কিন্তু যে দলটা আমরা তৈরি করার চেষ্টা করছি, তারা যদি তাদের মতো করে পারফরম্যান্স করতে পারে, তাহলে এই সমস্যাটা আর থাকবে না।”















মন্তব্য করুন: