বাংলাদেশকে ১৮৩ রানের লক্ষ্য দিল নিউ জিল্যান্ড
২৭ এপ্রিল ২০২৬
ক্যাটেন ক্লার্ক ও ড্যান ক্লিভারের আগ্রাসী ব্যাটিংয়ে একটা সময় মনে হচ্ছিল দুইশ রান তুলতে পারবে নিউ জিল্যান্ড। কিন্তু রিশাদ হোসেন এই দুই ব্যাটারকে তুলে নেওয়ায় তা আর করতে পারেনি সফরকারীরা। জয় দিয়ে টি-টুয়েন্টি সিরিজ শুরু করতে ১৮৩ রানের লক্ষ্য পেয়েছে বাংলাদেশ।
সোমবার চট্টগ্রামে সিরিজের প্রথম ম্যাচে নিউ জিল্যান্ডের ইনিংস থামে ৬ উইকেটে ১৮২ রানে।
টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ১০ ওভারে ২ উইকেটে ১০০ রান তোলে কিউইরা। তবে বোলারদের নৈপুণ্যে পরের ৫ ওভারে ৩০ রান তুলতে ৩ উইকেট হারায় তারা। শেষ ৫ ওভারে ১ উইকেট হারিয়ে ৫২ রান তুললে বড় সংগ্রহ পায় সফরকারীরা।
৪ ওভারে ৩২ রানে ২ উইকেট নেন রিশাদ। একটি করে উইকেট নেন শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও শেখ মাহেদী হাসান।
ইনিংসের দ্বিতীয় ওভারে তাওহিদ হৃদয়ের সরাসরি থ্রোতে স্টাম্প ভাঙলে টিম রবিনসন (১) রানআউট হলে ১২ রান শেষ হয় নিউ জিল্যান্ডের উদ্বোধনী জুটি। এরপর বোলারদের ওপর চড়াও হন ওপেনার ক্লার্ক ও ক্লিভার। তাদের তাণ্ডবে পাওয়ারপ্লেতে ৬১ রান তোলে কিউইরা।
দশম ওভারের প্রথম বলে ক্লার্কের ক্যাচ তালুবন্দি করতে ব্যর্থ হন সাইফ হাসান। পরের দুই বলে টানা বাউন্ডারিতে ২৭ বলে ফিফটি তুলে নেন ক্লিভার। তবে পরের বলে ৫১ রান করা ডানহাতি এই ব্যাটারকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলে ৮৮ রানের জুটি ভাঙেন রিশাদ। নিজের পরের ওভারে ক্লার্ককেও (৫১) তুলে নেন এই লেগ স্পিনার।
দ্রুত আরও ২ উইকেট তুলে নিয়ে সফরকারীদের চাপে রাখেন তানজিম ও মাহেদী। তবে শেষ দিকে টম ল্যাথামের বদলে এই ম্যাচে নেতৃত্ব দিতে নামা নিক কেলি ও জশ ক্লার্কসনের ব্যাটে লড়াকু সংগ্রহ পায় কিউইরা। ৩৯ রান করা কেলিকে ফেরান শরিফুল। ১৪ বলে ২৭ রানে অপরাজিত থাকেন ক্লার্কসন।















মন্তব্য করুন: