২য় টি-টুয়েন্টিতেও শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশের মেয়েরা

৩০ এপ্রিল ২০২৬

২য় টি-টুয়েন্টিতেও শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশের মেয়েরা

ব্যাটারদের ব্যর্থতায় এক ম্যাচ আগেই শ্রীলঙ্কার কাছে টি-টুয়েন্টি সিরিজ হেরে গেছে বাংলাদেশের মেয়েরা। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে নিগার সুলতানা জ্যোতির দলের হেরেছে ২১ রানে।

বৃহস্পতিবার সিলেটে শ্রীলঙ্কার দেওয়া ১৫৫ রানের লক্ষ্য তাড়ায় বাংলাদেশের ইনিংস থামে ৫ উইকেটে ১৩৩ রানে।

অথচ লক্ষ্য তাড়ায় স্বাগতিকদের শুরুটা হয়েছিল দুর্দান্ত। কোনো উইকেট না হারিয়ে পাওয়ারপ্লেতেই দলের খাতায় যোগ হয়েছিল ৪৬ রান।

দিলারা আক্তারের (২৩) বিদায়ে ৪৬ রানের উদ্বোধনী জুটি ভাঙার পর আরেক ওপনার জুয়াইরিয়া ফেরদৌস ও শারমিন আক্তারের ব্যাটে ভালো অবস্থানে ছিল বাংলাদেশ। কিন্তু পরপর তিন রানআউটে খেই হারিয়ে ফেলে তারা। দলীয় ৬৭ রানে প্রথম রানআউটে কাটা পড়েন জুয়াইরিয়া (২৯)। এরপর একে একে ফেরেন জ্যোতি (৭) ও সোবহানা মোস্তারি (০)।

অপর প্রান্তে শারমিন ক্রিজে থাকলেও তার ধীর ব্যাটিং দলের কাজে আসেনি। শেষ পর্যন্ত ডানহাতি এই ব্যাটার অপরাজিত থাকেন ৪৭ বলে ৪৪ রানে।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কার ২২ রানের উদ্বোধনী জুটি ভাঙেন ফারিহা তৃষ্ণা। তবে এরপর সফরকারীদের চাপে ফেলতে পারেননি বোলাররা। অধিনায়ক চামারি আতাপাত্তুর ৪২ এবং হার্শিতা সামারাবিক্রমার ৪৯ রানের ইনিংসে বড় সংগ্রহ পায় তারা।

গত মঙ্গলবার একই ভেন্যুতে সিরিজের প্রথম ম্যাচে ২১ রানে হেরেছিল বাংলাদেশ। শ্রীলঙ্কার দেওয়া ১৬১ রানের লক্ষ্য তাড়ায় ৭ উইকেটে ১৩৬ রান তুলতে পারে স্বাগতিকরা।

একই মাঠে সিরিজের শেষ ম্যাচ আগামী শনিবার অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন: