সুযোগ দেওয়ায় লিটনের প্রতি কৃতজ্ঞ শামীম
১ মে ২০২৬
নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে দলকে জেতাতে বিস্ফোরক ব্যাটিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন শামীম হোসেন পাটোয়ারী। অথচ এই সিরিজের আগের টি-টুয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের দল থেকে তাকে বাদ দিয়েছিলেন নির্বাচকরা। পরে লিটন দাসের ক্ষুব্ধ প্রতিক্রিয়ার পর শেষ ম্যাচের দলে বাঁহাতি এই ব্যাটারকে আবার নেওয়া হয়। এ কারণে অধিনায়কের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শামীম।
গত অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে বাজে শট খেলে ১ রান করে আউট হয়েছিলেন শামীম। তার আউটের ধরন দেখে ম্যাচ শেষে প্রকাশ্যে সমালোচনা করেছিলেন অধিনায়ক লিটন।
দ্বিতীয় ম্যাচেও ১ রানে বিদায় নেন শামীম। এরপর শেষ ম্যাচের একাদশ থেকে বাদ পড়েন তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষের পরের টি-টুয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের দল থেকেই তাকে বাদ দেন নির্বাচকরা। কিন্তু অধিনায়কের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই এই সিদ্ধান্ত নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন লিটন। পরে শেষ ম্যাচের দলের আবার ফেরানো হয় শামীমকে, ছিলেন একাদশেও। কিন্তু ব্যাটিং করার সুযোগ পাননি।
গত সোমবার কিউইদের বিপক্ষে প্রথম টি-টুয়েন্টিতে শামীম যখন ক্রিজে আসেন, তখনও জয়ের জন্য দলের দরকার ছিল ৩১ বলে ৪৯ রান, হাতে ছিল ৬ উইকেট। সেখান থেকে বাঁহাতি এই ব্যাটারের ১৩ বলে ৩১ রানের ঝড়ো ইনিংসে ২ ওভার হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় বাংলাদেশ।
শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে মাঠে নামবে দুই দল। এই ম্যাচ জিতলে সিরিজ জিতবে বাংলাদেশ।
শুক্রবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অধিনায়ক লিটনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শামীম বলেন, “লিটন ভাইকে অনেক অনেক ধন্যবাদ দেব। একজন অধিনায়ক হিসেবে যেটা করার দরকার ছিল, উনি করেছেন। আমাকে ফিরিয়েছেন। এরপর আমি ভালো খেলতে পেরেছি, এটা অনেক ভালো। অধিনায়কের ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে।”
ফিনিশারের ভূমিকায় খেলা শামীমকে নিজের ইচ্ছা মতো ব্যাটিং করার ছাড়পত্র অধিনায়ক দিয়েছেন বলেও জানান তিনি।
“লিটন ভাই আমাকে সবসময় স্বাধীনভাবে খেলার জন্যই বলেন।”
সাম্প্রতিক সময়ে টি-টুয়েন্টিতে বেশ ধারাবাহিক হয়ে উঠতে শুরু করেছে বাংলাদেশ। সবশেষ পাঁচটি দ্বিপাক্ষিক সিরিজের মধ্যে চারটিতেই জিতেছে তারা। দলের এমন উন্নতির পেছনে অধিনায়ক লিটনের অবদান আছে বলে মনে করেন শামীম।
“টি-টুয়েন্টি তে আমরা অনেকগুলো সিরিজ জিতেছি। দলের মধ্যে এতে ভালো বন্ধন গড়ে উঠেছে। দুর্ভাগ্যজনকভাবে আমরা বিশ্বকাপ খেলতে পারিনি। কিছু তো করার নেই। অনেক ভালো প্রস্তুতি ছিল আমাদের। সব মিলিয়ে অবশ্যই অধিনায়কত্ব অনেক ম্যাটার করে।”















মন্তব্য করুন: