পাকিস্তানকে টপকে মেয়েদের ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের সাতে বাংলাদেশ

পাকিস্তানকে টপকে মেয়েদের ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের সাতে বাংলাদেশ

মেয়েদের ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের। আইসিসির বাৎসরিক র‌্যাঙ্কিংয়ে পাকিস্তানকে টপকে তালিকার সাত নম্বরে উঠে এসেছে নিগার সুলতানা জ্যোতির দল।

শুক্রবার মেয়েদের ওয়ানডে এবং ছেলেদের টেস্ট র‌্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদের তালিকা প্রকাশ করে আইসিসি। সাদা পোশাকের ক্রিকেটে আগের মতো ৯ নম্বরেই আছে নাজমুল হোসেন শান্তর দল।

র‌্যাঙ্কিংয়ের হালনাগাদের সময় ২০২৫ সালের মে মাস থেকে দলগুলোর ম্যাচগুলোকে ১০০ শতাংশ গুরুত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে এর আগের দুই বছরের অনুষ্ঠিত ম্যাচগুলোতে ৫০ শতাংশ গুরুত্ব দেওয়া হয়েছে।

মেয়েদের র‌্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি হলেও রেটিং পয়েন্ট কমেছে বাংলাদেশের। ৭৪ থেকে কমে এখন তাদের রেটিং পয়েন্ট ৭৩।

মূলত পাকিস্তানের ৩ রেটিং পয়েন্ট কমে আট নম্বরে নেমে যাওয়ায় উন্নতি হয়েছে বাংলাদেশের। পাকিস্তানের রেটিং পয়েন্ট এখন ৭২।

র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ছয়টি স্থানে কোনো পরিবর্তন আসেনি। শীর্ষে আছে অস্ট্রেলিয়া। দুইয়ে ইংল্যান্ড, তিনে ভারত, চারে দক্ষিণ আফ্রিকা, পাঁচে নিউ জিল্যান্ড ও ছয়ে শ্রীলঙ্কা অবস্থান করছে। আগের মতোই ৯ ও ১০ নম্বরে আছে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড। 

অন্যদিকে ছেলেদের টেস্ট র‌্যাঙ্কিংয়ে ৪ রেটিং পয়েন্ট বেড়েছে বাংলাদেশের। শান্তর দলের রেটিং পয়েন্ট এখন ৬৭।

১৩১ রেটিং পয়েন্ট নিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। আগের মতো দুইয়ে থাকা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ী দক্ষিণ আফ্রিকার রেটিং পয়েন্ট ১১৯।

১০৪ রেটিং পয়েন্ট নিয়ে এক ধাপ এগিয়ে তিনে আছে ভারত। ৭ রেটিং পয়েন্ট হারিয়ে চারে নেমে গেছে ইংল্যান্ড (১০২)। আগের মতোই পাঁচে আছে নিউ জিল্যান্ড।

এক ধাপ এগিয়ে ছয় নম্বরে উঠছে পাকিস্তান।  তাদের রেটিং পয়েন্ট ৮৯। অন্যদিকে ২ রেটিং পয়েন্ট হারিয়ে সাতে নেমে গেছে শ্রীলঙ্কা (৮৮)। অষ্টম স্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ, দশে জিম্বাবুয়ে।

মন্তব্য করুন: