পাকিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দেওয়ার পথে বাংলাদেশ

পাকিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দেওয়ার পথে বাংলাদেশ

নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হকের ব্যাটে শুরুর বিপর্যয় কাটিয়ে উঠেছে বাংলাদেশ। তবে প্রকৃতির বাধায় আগেভাগে দিনের খেলা শেষ হওয়ার আগে পাকিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দেওয়ার পথে আছে স্বাগতিকরা। চতুর্থ দিন শেষে ১৭৯ রানে এগিয়ে আছে তারা, হাতে আছে ৭ উইকেট।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার বৃষ্টি বিঘ্নিত দিনে আলোকস্বল্পতায় খেলা শেষ হওয়ার আগ পর্যন্ত দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৫২ রান।

শান্ত ৫৮ ও মুশফিকুর রহিম ১৬ রান নিয়ে পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু করবেন।

বিনা উইকেটে ৭ রান নিয়ে দিনের খেলা শুরু করা বাংলাদেশ শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে দারুণ চাপে পড়ে। দিনের তৃতীয় ওভারে মোহাম্মদ আব্বাসের বলে এলবিডাব্লিউর ফাঁদে পড়েন মাহমুদুল হাসান জয় (৫)। এরপর হাসান আলীর শিকারে পরিণত হন সাদমান ইসলাম (১০)।

২৩ রানের ভেতর দুই ওপেনারকে হারানো দলকে টেনে তুলতে আবার জুটি বাঁধেন মুমিনুল ও শান্ত। আর কোনো উইকেট না হারিয়ে ৯৩ রান নিয়ে মধ্যাহ্ন ভোজের বিরতিতে যান তারা। কিন্তু এরপর বৃষ্টির কারণে ভেসে যায় দ্বিতীয় সেশনের পুরোটা।

তিন ঘণ্টা পর খেলা শুরু হলে ফিফটি তুলে নেন মুমিনুল। সবশেষ পাঁচ ইনিংসে পঞ্চাশের দেখা পেলেন বাঁহাতি এই ব্যাটার। এর আগে প্রথম ইনিংসে ৯১ রান করেছিলেন তিনি। অপর প্রান্তে ফিফটি তুলে নেন প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকানো শান্তও।

তবে এরপরই মুমিনুলের (৫৬) বিদায়ে ভাঙে তৃতীয় উইকেটে ১০৫ রানের জুটিটি। মুশফিককে নিয়ে বাকিটা সময় কোনো বিপদ ছাড়াই পার করেন শান্ত।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪১৩ রানে থামে বাংলাদেশের ইনিংস। মেহেদী হাসান মিরাজের ৫ উইকেট শিকারে ৩৮৬ রানে অলআউট হয় পাকিস্তান। প্রথম ইনিংস শেষে স্বাগতিকরা লিড পায় ২৭ রানের।

মন্তব্য করুন: