মিরপুর টেস্ট জিতে মুশফিকের পাশে শান্ত

মিরপুর টেস্ট জিতে মুশফিকের পাশে শান্ত

অধিনায়ক হিসেবে বাংলাদেশকে সবচেয়ে বেশি টেস্ট জয়ে নেতৃত্ব দিয়েছিলেন মুশফিকুর রহিম। মিরপুর টেস্টে সেই রেকর্ড স্পর্শ করেছেন নাজমুল হোসেন শান্ত।

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারায় বাংলাদেশ।

অধিনায়ক হিসেবে এটি শান্তর সপ্তম টেস্ট জয়। এতদিন এই রেকর্ডের একক মালিকানায় থাকা মুশফিকের অধীনে ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত মোট ৩৪টি টেস্ট খেলেছিল বাংলাদেশ।

মুশফিককে স্পর্শ করতে শান্তর নেতৃত্ব দিয়েছেন ১৭টি টেস্টে। এর মধ্যে তার দল হেরেছে ৯টিতে, ড্র করেছে একটিতে।

বাঁহাতি এই ব্যাটারের অধীনে বাংলাদেশ প্রথম টেস্ট জেতে ২০২৩ সালের ডিসেম্বরে। সিলেটে নিউ জিল্যান্ডকে ১৫০ রানে হারায় স্বাগতিকরা। পরের বছর আগস্ট-সেপ্টেম্বরে পাকিস্তানকে তাদের মাটিতেই হোয়াইটওয়াশ করে শান্তর দল। রাওয়ালপিন্ডিতে প্রথম ম্যাচে ১০ উইকেটে জয়ের পর দ্বিতীয় ম্যাচ ৬ উইকেটে জেতে তারা।

শান্তর নেতৃত্বে গত বছর এপ্রিলে চট্টগ্রামে জিম্বাবুয়েকে ইনিংস ও ১০৬ রানে হারায় বাংলাদেশ। এরপর গত নভেম্বরে আয়ারল্যান্ডকে সিলেটে ইনিংস ও ৪৭ রানে এবং মিরপুরে ২১৭ রানে হারায় স্বাগতিকরা।

এই তালিকায় পরের অবস্থানে আছেন সাকিব আল হাসান। বাঁহাতি এই অলরাউন্ডারের নেতৃত্বে ১৯ টেস্টে চারটিতে জয় পায় বাংলাদেশ। এছাড়া মুমিনুল হকের অধিনায়কত্বে ১৭ টেস্টে বাংলাদেশের জয় তিনটি।

একটি করে টেস্ট জয় এসেছে হাবিবুল বাশার সুমন, মাহমুদউল্লাহ, মাশারাফি বিন মর্তুজা, লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে।

মন্তব্য করুন: