প্রথম ইনিংস বড় করতে না পারার আক্ষেপ ম্যাচসেরা শান্তর

প্রথম ইনিংস বড় করতে না পারার আক্ষেপ ম্যাচসেরা শান্তর

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। দুই ইনিংসেই ব্যাট হাতে দলকে বিপর্যয়ের হাত থেকে বাঁচানোর পাশাপাশি খেলেছেন দারুণ ইনিংস। তবে এগুলোকে আরও বড় করতে না পারার আক্ষেপ কাজ করছে বাংলাদেশ অধিনায়কের মাঝে।

মিরপুরে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে শান্ত যখন ক্রিজে আসেন তখন দলীয় ৩১ রানে দুই ওপেনারকে হারিয়ে চাপে ছিল বাংলাদেশ। সেখান থেকে মুমিনুল হককে নিয়ে ১৭০ রানের জুটি গড়ে দলের বিপর্যয় সামাল দেন তিনি। দারুণ ব্যাটিংয়ে ১২৯ বলে ১২ চার ও ২ ছক্কায় তুলে নেন সেঞ্চুরিও। কিন্তু পরের বলেই বাঁহাতি এই ব্যাটার সাজঘরের পথ দেখেন ১০১ রান করে।

দ্বিতীয় ইনিংসেও শান্ত যখন ক্রিজে আসেন বিপর্যয়ে ছিল দল। দলীয় ২৩ রানে দুই ওপেনারের বিদায়ের পর মুমিনুলকে নিয়ে আবার হল ধরেন তিনি। এবারও ছিলেন সেঞ্চুরির পথেও। সেটি করতে পারলে ইতিহাসের চতুর্থ ব্যাটার হিসেবে গড়তেন তিনবার এক টেস্টে জোড়া সেঞ্চুরির কীর্তি। নাম লেখাতেন ভারতীয় কিংবদন্তি সুনিল গাভাস্কার, অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিং ও ডেভিড ওয়ার্নারের পাশে। কিন্তু পঞ্চম দিন দ্রুত রান তুলতে গিয়ে ৮৭ রানে থামে শান্তর ইনিংস।

টেস্টে শান্তর ৯ সেঞ্চুরির চারটিই এল সবশেষ পাঁচ টেস্টে। কিন্তু এখন পর্যন্ত কোনো শতককে ডাবল সেঞ্চুরিতে রূপ দিতে পারেননি তিনি। সর্বোচ্চ ১৬৩ রানের ইনিংসটি ছিল তার প্রথম টেস্ট শতক।

পাকিস্তানকে ১০৪ রানে হারিয়ে সিরিজে এগিয়ে যাওয়ার ম্যাচে দুই ইনিংসে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করে সেরা খেলোয়াড় হন শান্ত। কিন্তু সংবাদ সম্মেলনে প্রথম ইনিংসের সেঞ্চুরিকে আরও বড় করতে না পারার আক্ষেপ ঝরে অধিনায়কের কণ্ঠে।

আমার ব্যাটিং নিয়ে বলব যে, এই জায়গায় যদি অন্য কোনো বড় ব্যাটসম্যান থাকত, ১০১ রানের ইনিংসটা হয়তো ২০০ হতো। এটা খুবই সত্য কথা। বিশ্ব ক্রিকেটে যদি দেখেন, এরকমই করে যারা শীর্ষ ব্যাটসম্যান। আমার মনে হয় না যে, আমার সেরা ছন্দে আছি। আমি মনে করি, আমার আরও ভালো ব্যাটিং করা উচিত ছিল প্রথম ইনিংসে।

আমার মনে হয় প্রথম ইনিংসটা বড় হতে পারত। যেভাবে ব্যাটিং করছিলাম, উইকেটটা অনেক চ্যালেঞ্জিং ছিল। বিশেষ করে, প্রথম দুই-তিন ঘন্টায় অনেক চ্যালেঞ্জ ছিল। তারপরও আমার মনে হয় যে, ইনিংসটা আরেকটু বড় হতে পারত।

দ্বিতীয় ইনিংস নিয়ে বলব, যেভাবে ব্যাটিং করতে চেয়েছি করতে পেরেছি। তৃতীয় ও চতুর্থ দিনের উইকেটটা কঠিন থাকে। পঞ্চম দিনে আজকে ব্যাটিং করলাম। সামগ্রিকভাবে ব্যাটিং ভালো হয়েছে। তবে আমি বলব যে, প্রথম ইনিংস আরেকটু বড় হতে পারত।

মন্তব্য করুন: