দুর্দান্ত ব্যাটিংয়ে ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে শান্ত
১৩ মে ২০২৬
পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে দুর্দান্ত ব্যাটিংয়ে ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে উঠে এসেছেন নাজমুল হোসেন শান্ত। এই ফরম্যাটে ব্যাটারদের তালিকায় ২৩ নম্বরে আছেন বাংলাদেশ অধিনায়ক।
বুধবার আইসিসির প্রকাশিত সাপ্তাহিক র্যাঙ্কিংয়ে টেস্ট ব্যাটারদের তালিকায় ১৬ ধাপ এগিয়েছেন শান্ত। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে এই তালিকায় সবার ওপরে আছেন তিনি। তার সঙ্গে যৌথভাবে ২৩ নম্বরে আছেন মিরপুর টেস্টে খেলতে না পারা পাকিস্তানের বাবর আজম।
এর আগে টেস্টে শান্তর ক্যারিয়ার সেরা র্যাঙ্কিং ছিল ২৮তম।
দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়ে এগিয়ে গেছে বাংলাদেশ। দুই ইনিংসেই ব্যাট হাতে দলকে বিপর্যয়ের হাত থেকে বাঁচান শান্ত। ক্যারিয়ারের নবম সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ১০১ রান করার পর দ্বিতীয় ইনিংসে ৮৭ রান করেন তিনি। দলের ঐতিহাসিক জয়ে বাঁহাতি এই ব্যাটার এই ব্যাটার জেতেন ম্যাচসেরার পুরস্কারও।
শান্ত ছাড়াও এই জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা আরও কয়েকজন বাংলাদেশের ক্রিকেটার ব্যাটার ও বোলারদের র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন।
দুই ইনিংসে যথাক্রমে ৭১ ও ২২ রান করা মুশফিকুর রহিম দুই ধাপ এগিয়ে আছেন ২৬ নম্বরে। অন্যদিকে শান্তর সঙ্গে দলের বিপর্যয়ে হাল ধরা মুমিনুল হক এগিয়েছেন ১২ ধাপ। প্রথম ইনিংসে ৯১ রানের পর দ্বিতীয় ইনিংসে ৫৬ রান করা বাঁহাতি ব্যাটার আছেন ৩৫ নম্বরে।
টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই সবার উপরে ইংল্যান্ডের জো রুট। দুই ও তিন নম্বরে আছেন যথাক্রমে অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড ও স্টিভ স্মিথ।
পাকিস্তানকে হারানোর পথে বড় ভূমিকা রাখা নাহিদ রানার উন্নতি হয়েছে পাঁচ ধাপ। আগুন ঝরানো বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেওয়া এই পেসার আছেন ৬৪ নম্বরে। ২০২৪ সালের ডিসেম্বরের পর প্রথমবারের মতো টেস্ট খেলতে নামা তাসকিন আহমেদ দুই ইনিংস মিলিয়ে ৪ উইকেট নিয়ে আছেন ৪৮ নম্বরে।
ম্যাচে ৪ উইকেট নেওয়া তাইজুল ইসলামের উন্নতি হয়েছে তিন ধাপ। বাংলাদেশের বোলারদের মধ্যে সবার ওপরে থাকা বাঁহাতি এই স্পিনার আছে ১৩ নম্বরে। প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া আরেক স্পিনার মেহেদী হাসান মিরাজ আগের মতোই ২৭ নম্বরে আছেন।
টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে আছেন ভারতের যশপ্রীত বুমরাহ। দুইয়ে থাকা পাকিস্তানের নোমান আলী তিন ধাপ পিছিয়ে পাঁচে নেমে গেছেন। ফলে এক ধাপ করে এগিয়েছেন মিচেল স্টার্ক (দ্বিতীয়), ম্যাট হেনরি (তৃতীয়) ও প্যাট কামিন্স (চতুর্থ)।
টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন ভারতের রবীন্দ্র জাদেজা। এক ধাপ পিছিয়ে চারে নেমে গেছেন মিরাজ।















মন্তব্য করুন: