গেইলের রেকর্ড ভেঙে ১৪ হাজার রানের মাইলফলকে কোহলি

গেইলের রেকর্ড ভেঙে ১৪ হাজার রানের মাইলফলকে কোহলি

ক্রিস গেইলকে পেছনে ফেলে সবচেয়ে কম ইনিংস খেলে টি-টুয়েন্টি ১৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বিরাট কোহলি। একই সঙ্গে প্রথম ভারতীয় হিসেবে এই ফরম্যাটে ১০টি সেঞ্চুরি হাঁকানোর কীর্তিও গড়েছেন কিংবদন্তি এই ব্যাটার।

আইপিএলে টানা দুই ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর বুধবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়ে য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে জেতান কোহলি। স্বাগতিকদের দেওয়া ১৯৩ রানের লক্ষ্য তাড়ায় ৬০ বলে ১০৫ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি।

ষষ্ঠ ব্যাটার হিসেবে ১৪ হাজার রানের মাইলফলকটি স্পর্শ করতে রায়পুরে এদিন কোহলির দরকার ছিল ৭৮ রান।

মাইলফলকে পৌঁছতে কোহলির লাগল ৪০৯ ইনিংস। এতদিন রেকর্ডের মালিক গেইলের লেগেছিল ৪২৩ ইনিংস। ১৪ হাজার রান করতে ডেভিড ওয়ার্নারের ৪৩১, জস বাটলারের ৪৬৮, অ্যালেক্স হেইলসের ৫০৫ কাইরন পোলার্ডের ৬৩৩ ইনিংস লেগেছিল।

পরে ৫৮ বলে কোহলি পূর্ণ করেন আইপিএলে তার নবম সেঞ্চুরি। এরই সঙ্গে ইতিহাসের চতুর্থ ব্যাটার হিসেবে টি-টুয়েন্টিতে ১০ বা তার বেশি শতক হাঁকানোর মাইলফলক স্পর্শ করেন তিনি। এই তালিকায় সবার ওপরে থাকা গেইলের সেঞ্চুরি ২২টি। পরের দুটি স্থানে আছেন বাবর আজম (১৩) ওয়ার্নার (১০)

আইপিএলেও কোহলির চেয়ে বেশি সেঞ্চুরি নেই আর কারোর। দ্বিতীয় সর্বোচ্চ ৭টি সেঞ্চুরি জস বাটলারের।

মন্তব্য করুন: