ওয়ানডেতে না ফেরার কারণ জানালেন মুশফিক

ওয়ানডেতে না ফেরার কারণ জানালেন মুশফিক

নিউ জিল্যান্ডের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজ শুরুর আগে মুশফিকুর রহিমকে ওয়ানডে দলে ফেরার প্রস্তাব দেওয়া নিয়ে দেশের ক্রিকেটাঙ্গনে শোরগোল উঠেছিল। এবার এই অভিজ্ঞ ব্যাটার নিজেই বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। একই সঙ্গে সেই প্রস্তাবে রাজি না হওয়ার কারণও ব্যাখ্যা করেছেন তিনি।

ওয়ানডেতে বাংলাদেশের দ্বিতীয় সফলতম ব্যাটার ও যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হিসেবে গত বছর চ্যাম্পিয়নস ট্রফির পর এই ফরম্যাট থেকে অবসর নেন মুশফিক। জাতীয় দলের জার্সিতে ২৭৪ ওয়ানডে খেলা এই উইকেটকিপার-ব্যাটার ৩৬ দশমিক ৪২ গড়ে রান করেছেন ৭ হাজার ৭৯৫, সেঞ্চুরি হাঁকিয়েছেন ৯টি। ওয়ানডেতে তার চেয়ে বেশি রান ও সেঞ্চুরি আছে কেবল তামিম ইকবালের।

গত মাসে সংবাদ মাধ্যমে প্রকাশিত বেশ কিছু খবরে বলা হয়েছিল, মুশফিককে ওয়ানডে দলে ফিরে পেতে চান অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। কিন্তু শেষ পর্যন্ত তা আর বাস্তবে রূপ নেয়নি।

সিলেটে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরুর আগে শুক্রবার সংবাদ সম্মেলনে ওয়ানডে দলে ফেরার প্রসঙ্গে মুশফিক জানান, দলের বর্তমান অবস্থা বিবেচনায় তাকে আর দরকার নেই।

ওয়ানডে ক্রিকেটে যেটা বললেন, আমার মনে হয় যেহ্যাঁ, অবশ্যই আমার কাছে এসেছিল বার্তা, আমি মনে করি যে বাংলাদেশ দল এমন একটা পর্যায়ে এখন আছে এবং ভবিষ্যতেও এমন পর্যায়ে যাবে যে, আমার ওইরকম সার্ভিস দরকার হবে না।

কদিন আগেই ৩৯ বছর পূর্ণ হওয়া মুশফিক এখন কেবল খেলেন টেস্টে। আয়ারল্যান্ডের বিপক্ষে সবশেষ সিরিজে দেশের ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে স্পর্শ করেন একশ টেস্ট খেলার মাইলফলক। এর মধ্যে ৩৪ টেস্টে দলকে নেতৃত্বও দিয়েছিলেন তিনি। দেশের একমাত্র ব্যাটার হিসেবে হাঁকিয়েছেন তিনটি দ্বিশতক। বয়স বিবেচনায় এখনও ফিটনেসও দুর্দান্ত। দলের অন্যতম ফিট খেলোয়াড় হিসেবেও বিবেচনা করা হয় তাকে।

জাতীয় দলের হয়ে আর কতদিন খেলতে চান এমন প্রশ্নের জবাবে টেস্টের সফলতম এই ব্যাটার বলেন, “আপাতত কোনো লক্ষ্য নেই। কালকের ম্যাচটাই শেষ হয়ে যেতে পারে আবার...বাকিটা উপরওয়ালা জানে। মৃত্যুর আগে শেষ কয়টা দিন বেঁচে থাকার খুব ইচ্ছা (হাসি) বেঁচে থেকে যে কয়টা দিন মাঠে কাটাতে পারি, এই ইচ্ছাটাই আছে। এখন ছাড়ব বা কবে ছাড়ব, এটা আসলে এখনো সিদ্ধান্ত নিইনি। ভালো সময় থাকতেই ছাড়ব ইনশাআল্লাহ।

মন্তব্য করুন: