বাংলাদেশের কাছে হারের পর এবার বড় শাস্তি পাকিস্তানের
১৫ মে ২০২৬
বাংলাদেশের কাছে সিরিজের প্রথম টেস্টে মন্থর ওভাররেটের কারণে পাকিস্তানকে বড় শাস্তি দিয়েছে আইসিসি। আর্থিক জরিমানার পাশাপাশি শান মাসুদের দলের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট কাটা গিয়েছে।
শুক্রবার এক বিবৃতি বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানায়, নির্ধারিত সময়ের মধ্যে আট ওভার পিছিয়ে থাকায় পাকিস্তানের খেলোয়াড়দের ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে। এছাড়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দলটির ৮ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে।
গত মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শেষ হওয়া ম্যাচে বাংলাদেশের কাছে ১০৪ রানে হারে পাকিস্তান।
আইসিসির নিয়ম অনুযায়ী, বরাদ্দকৃত সময়ের মধ্যে নির্ধারিত ওভার পূরণ করতে না পারলে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ করে জরিমানা করা হয়। আর টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়ম অনুযায়ী, প্রতি ওভারের জন্য কাটা যায় একটি করে পয়েন্ট।
ম্যাচ রেফারি জেফ ক্রোর দেওয়া শাস্তি পাকিস্তান অধিনায়ক মাসুদ মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
পয়েন্ট হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে তালিকার আট নম্বরে নেমে গেছে পাকিস্তান। তাদের নিচে আছে ওয়েস্ট ইন্ডিজ। ৪৪ দশমিক ৪৪ শতকরা পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে বাংলাদেশ।















মন্তব্য করুন: