বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের ওয়ানডে শুরু বেলা ১১টায়

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের ওয়ানডে শুরু বেলা ১১টায়

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজের ম্যাচ শুরুর সময় নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিউ জিল্যান্ডের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজের মতো এই সিরিজের ওয়ানডেগুলোও সকাল ১১টায় শুরু হবে।

রোববার এক বিবৃতিতে সফরের তিনটি ওয়ানডে ও তিনটি টি-টুয়েন্টি শুরুর কথা জানায় বিসিবি। সিরিজ খেলতে আগামী ৫ জুন দেশে আসবে অস্ট্রেলিয়া দল।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডেগুলো ৯, ১১ ও ১৪ জুন মাঠে গড়াবে। এই সিরিজ দিয়ে ১৫ বছর পর বাংলাদেশের মাটিতে ওয়ানডে খেলতে নামবে অজিরা। ২০১১ সালে অনুষ্ঠিত সবশেষ সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল স্বাগতিকরা।

এই সিরিজ শেষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজটি খেলতে চট্টগ্রামে যাবে দুই দল। সেখানে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচগুলো শুরু হবে দুপুর ২টায়। ১৭, ১৯ ও ২১ টি-টুয়েন্টি তিনটি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশে অস্ট্রেলিয়া সবশেষ টি-টুয়েন্টি খেলেছিল ২০২১ সালে। পাঁচ ম্যাচের সিরিজটি স্বাগতিকরা জেতে। পরে ২০২১ টি-টুয়েন্টি বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া।

সিরিজ শেষে ২২ জুন দেশ ছাড়বে সফরকারীরা।

এর আগে নিউ জিল্যান্ডের বিপক্ষে এপ্রিল-মে মাসে অনুষ্ঠিত ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজের ম্যাচগুলো বিদ্যুৎ সাশ্রয়ের কথা মাথায় রেখে দিনের আলোয় শুরু করার কথা জানিয়েছিল বিসিবি।

মন্তব্য করুন: