এবার নাহিদের গতির ভেলকিতে পরাস্ত বাবর

এবার নাহিদের গতির ভেলকিতে পরাস্ত বাবর

টেস্টে এখন পর্যন্ত চার ইনিংসে বাবর আজমকে বোলিং করেছেন নাহিদ রানা। এর মধ্যে অভিজ্ঞ এই ব্যাটারকে তিনবারই সাজঘরে ফিরিয়েছেন। সিলেট টেস্টেও পাকিস্তানের প্রথম ইনিংসে তাকে ফিরিয়ে পাকিস্তানের চাপ বাড়ান তরুণ এই ফাস্ট বোলার। এবার গতির পরিবর্তন কাজে লাগানোর কথা জানিয়েছেন তিনি।

রোববার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিন পঞ্চম উইকেটে বাবর ও সালমান আলী আগার জুটিতে চাপ কাটিয়ে উঠতে শুরু করেছিল পাকিস্তান। তবে নাহিদের বলে মিড-অনে থাকা মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দিয়ে ৬৮ রান করা বাবর আউট হলে ভাঙে ৬৩ রানের জুটি। এছাড়া সফরকারীদের আর কেউই চল্লিশের ঘর ছুঁতে পারেনি। তারা অলআউট হয় ২৩২ রানে।

২০২৪ সালের আগস্টে রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে প্রথমবার নাহিদের মুখোমুখি হন বাবর। সেবার ২২ রানে থাকা এই ব্যাটারকে বোল্ড করেন নাহিদ। পরের টেস্টেরও দ্বিতীয় ইনিংসে বাবরকে ফেরান এই ফাস্ট বোলার।

লাল বলের ক্রিকেটে নাহিদের মুখোমুখি হয়ে এখন পর্যন্ত ৩৯ বল খেলে ২২ রান করতে পেরেছেন বাবর। তবে কোনো ব্যাটারের উইকেটকে আলাদাভাবে গুরুত্ব দেন না বলে দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে জানান নাহিদ।

প্রত্যেকটা ব্যাটসম্যানকে আউট করতে মজা লাগে কারণ প্রত্যেকটা উইকেটই আমার জন্য গুরুত্বপূর্ণ এবং আমার টিমের জন্য।

আমি শুধু আমার প্রক্রিয়ার মধ্যে থাকার চেষ্টা করি এবং চেষ্টা করি যে কীভাবে আমার পরিকল্পনা কাজে লাগিয়ে দলকে সাহায্য করা যায়।

বাবরকে আউট করার আগের বলটি ঘণ্টায় ১৪৯ কিলোমিটারের গতিতে করেন নাহিদ। তবে যে বলে তার উইকেটটি তুলে নেন, সেটির গতি ছিল ঘণ্টায় ১৩৯ কিলোমিটার। গতি কমিয়ে বাবরের মতো অভিজ্ঞ ব্যাটারদের অস্বস্তিতে রাখাটা লক্ষ্য ছিল বলে জানান নাহিদ।

অবশ্যই যখন আপনি কোয়ালিটি ব্যাটসম্যানকে বোলিং করেন কিংবা যে কোনো ব্যাটসম্যানকে বোলিং করেন আপনার পেসে কিংবা স্কিলে বোলিং একটা একটু পার্থক্য আসলে ব্যাটসম্যান অস্বস্তি বোধ করে।

মন্তব্য করুন: