মুমিনুলকে ছাড়িয়ে সবার ওপরে মুশফিক

মুমিনুলকে ছাড়িয়ে সবার ওপরে মুশফিক

মোহাম্মাদ আব্বাসের শর্ট ডেলিভারিকে পয়েন্ট অঞ্চল পাঠিয়ে দেওয়ার পর বলটি বাউন্ডারিতে যাবে বুঝতে পেরেই হাতটা উঁচিয়ে ধরলেন মুশফিকুর রহিম। সীমারেখা স্পর্শের পর ক্রিজের মাঝখানে গিয়ে ফেলে দেন ব্যাটও। ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরির উদযাপনের শুরুটা এভাবেই করেন অভিজ্ঞ এই ব্যাটার। মুমিনুল হককে পেছনে ফেলে এককভাবে টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক বনে গেছেন তিনি।

সোমবার সিলেটে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিন সকালে ব্যাটিংয়ে নামা মুশফিক সেঞ্চুরি পূর্ণ করেন চা বিরতির পর। ৯৯ রান থেকে বাউন্ডারি মেরে ১৭৮ বলে তিন অঙ্ক স্পর্শ করেন তিনি। পাকিস্তানের বিপক্ষে এটি তার দ্বিতীয় শতক। শেষ পর্যন্ত তার ২৩৩ বলের ১২ চার ও এক ছক্কার ইনিংসটি থামে ১৩৭ রানে।

প্রথম বাংলাদেশি হিসেবে শততম টেস্ট খেলতে নেমে গত নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুরে সেঞ্চুরি হাঁকিয়ে মুমিনুলের ১৩টি শতককে স্পর্শ করেন মুশফিক। এবার বাঁহাতি এই ব্যাটারকে ছাড়িয়ে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ সেঞ্চুরির মালিক এখন ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার।

২০০৫ সালে টেস্ট অভিষেক হওয়া মুশফিক সবচেয়ে বেশি ৪টি শতক হাঁকিয়েছেন শ্রীলঙ্কার বিপক্ষে। পাকিস্তান ছাড়াও তার দুটি করে শতক আছে ভারত, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের বিপক্ষে। একটি করে সেঞ্চুরি করেন নিউ জিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

একমাত্র বাংলাদেশি হিসেবে টেস্টে তিনটি দ্বিশতকের মালিকও তিনি।

সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির তালিকায় মুশফিক ও মুমিনুলের পর আছেন তামিম ইকবাল। বাঁহাতি সাবেক এই ওপেনারের সেঞ্চুরি ১০টি। ৯টি শতক নিয়ে পরের অবস্থানে আছে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

সব ফরম্যাট মিলিয়ে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি সেঞ্চুরি হাঁকানোর তালিকায় দ্বিতীয় স্থানে আছেন মুশফিক। তার শতকের সংখ্যা ২৩টি, যার মধ্যে ৯টি এসেছে ওয়ানডেতে। তালিকার শীর্ষে থাকা তামিমের মোট সেঞ্চুরি ২৫টি।

মন্তব্য করুন: