৩ উইকেটের অপেক্ষা বাংলাদেশের

৩ উইকেটের অপেক্ষা বাংলাদেশের

সালমান আলী আগা ও মোহাম্মদ রিজওয়ানের প্রতিরোধে বাংলাদেশের জয়ের অপেক্ষা বাড়িয়ে খেলা পঞ্চম দিনে নিয়ে গেছে পাকিস্তান। শেষ দিনে জয়ের জন্য তাদের প্রয়োজন আরও ১২১ রান। আর সফরকারীদের হোয়াইটওয়াশ করতে নাজমুল হোসেন শান্তর দলের দরকার ৩ উইকেট।

মঙ্গলবার সিলেটে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৩৭ রানের লক্ষ্য তাড়ায় চতুর্থ দিনের খেলা শেষে পাকিস্তানের সংগ্রহ ৭ উইকেটে ৩১৬ রান।

রিজওয়ান ৭৫ ও সাজিদ খান ৮ রান নিয়ে শেষ দিনের খেলা শুরু করবেন।

ম্যাচ বাঁচাতে আরও দুই দিন ব্যাটিং করতে হতো পাকিস্তানকে, আর জিততে গড়তে হতো টেস্ট ইতিহাসের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড। এমন সমীকরণে বিনা উইকেটে শূন্য রানে দিনের খেলা শুরু করেন আজান আওয়াইস ও আব্দুল্লাহ ফজল।

তরুণ এই দুই ওপেনার সাবধানী শুরু করলেও নাহিদ রানা বোলিংয়ে আসতেই বদলে যায় সেই চিত্র। দিনের নবম ও নিজের দ্বিতীয় ওভারে ফজলকে (৬) ফিরিয়ে ২৭ রানের উদ্বোধনী জুটি ভাঙেন তিনি। আরেক ওপেনার আজানকে (২১) এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন মেহেদী হাসান মিরাজ।

দ্রুত ২ উইকেট হারানোর পর অধিনায়ক শান মাসুদ ও বাবর আজমের পাল্টা আক্রমণে আর কোনো উইকেট না হারিয়ে মধ্যাহ্ন ভোজের বিরতিতে যায় সফরকারীরা। বিরতির পর অষ্টম ওভারে বাবরকে (৪৭) কট বিহাইন্ড করিয়ে ৯২ রানের এই জুটি ভাঙেন তাইজুল ইসলাম।

পরপর দুই ওভারে সৌদ শাকিল (৬) ও দারুণ খেলতে থাকা মাসুদকে (৭১) ফিরিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে নেয় স্বাগতিকরা। কিন্তু পঞ্চম উইকেটে সালমান-রিজওয়ানের শতরানের জুটিতে প্রতিরোধ গড়ে তোলে পাকিস্তান। তবে দিনের শেষ বেলায় দারুণ এক ঘূর্ণিতে সালমানকে (৭১) বোল্ড করে ১৩৪ রানের সেই জুটি ভাঙেন তাইজুল। এরপর হাসান আলীকেও (০) ফেরান এই বাঁহাতি স্পিনার।

মন্তব্য করুন: