পাকিস্তানকে আবার হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
২০ মে ২০২৬
আগের দিন সাত উইকেট তুলে নেওয়ায় জয়ের ভালো অবস্থানে থেকে শেষ দিন মাঠে নেমেছিল বাংলাদেশ। কিন্তু স্বাগতিকদের ভুল এবং মোহাম্মদ রিজওয়ান ও সাজিদ খানের দৃঢ়তায় ভিন্ন কিছুর আভাস দিচ্ছিল পাকিস্তান। তবে দিনের এক ঘণ্টা খানিক আগে সেই প্রতিরোধ ভেঙে ৭৮ রানের জয় তুলে নিয়ে সফরকারীদের হোয়াইটওয়াশড করেছে নাজমুল হোসেন শান্তর দল।
বুধবার সিলেটে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ৪৩৭ রানের লক্ষ্য তাড়ায় পাকিস্তানের প্রয়োজন ছিল ১২১ রান, বাংলাদেশের দরকার ছিল ৩ উইকেট। ১৩ বলের মধ্যে এই উইকেটগুলো তুলে নিয়ে সফরকারীদের ৩৫৮ রানে অলআউট করে উল্লাসে মাতে স্বাগতিকরা। শূন্য রানে শেষ তিন উইকেট হারায় শান মাসুদের দল।
এই নিয়ে পাকিস্তানকে টানা দ্বিতীয় সিরিজে হোয়াইটওয়াশড করল বাংলাদেশ। ২০২৪ সালের আগস্ট-সেপ্টেম্বরে দেশটির মাটিতে দুই ম্যাচের সিরিজের দুটিতেই জিতেছিল শান্তর দল।
সব মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে ১৭ টেস্টের মধ্যে বাংলাদেশের এটি চতুর্থ টেস্ট জয়। হেরেছে ১২টি, ড্র একটি।
প্রথম ইনিংসে ১২৬ রানের পর দ্বিতীয় ইনিংসে ৬৯ রান করে ম্যাচসেরা হয়েছেন লিটন দাস।
চার ইনিংসে একটি করে ফিফটি ও সেঞ্চুরিতে ২৫৩ রান করে সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন মুশফিকুর রহিম।
আগের রাতের বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় এদিন নির্ধারিত সময়ের ১৫ মিনিট পর দিনের খেলা শুরু হলে পাকিস্তানের ইনিংসের স্থায়িত্ব ছিল ১১ ওভার ২ বল। ৭ উইকেটে ৩১৬ রান নিয়ে মাঠে নামা পাকিস্তানের প্রথম ওভারেই উইকেট পেতে পারত বাংলাদেশ। কিন্তু নাহিদ রানার করা ওভারের শেষ বলে গালিতে ৭৭ রানে থাকা রিজওয়ানের কঠিন ক্যাচটি তালুবন্দি করতে পারেননি মেহেদী হাসান মিরাজ।
আক্রমণাত্মক ব্যাটিংয়ে দ্রুত রান তুলতে থাকেন রিজওয়ান-সাজিদ। সঙ্গে ছিল ফিল্ডারদের মিস ফিল্ডিংও। নাহিদের বাউন্সারে সাজিদ ক্যাচ তুললেও নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে বলের কাছে যেতে পারেননি লিটন দাস ও তাইজুল ইসলামের কেউই।
অবশ্য এরপর অর্ধশত রানের এই জুটি ভাঙতে খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি স্বাগতিকরা। তাইজুলের বলে সাজিদ (২৮) স্লিপে ধরা পড়লে ভাঙে ৫৪ রানের জুটিটি। পরের ওভারে ইনিংস সর্বোচ্চ ৯৪ রান করা রিজওয়ানকে ফেরান শরিফুল ইসলাম। শেষ ব্যাটার খুররাম শেহজাদকে ফিরিয়ে দলের নিশ্চিত করেন তাইজুল। ক্যারিয়ারে ১৮ বারের মতো ইনিংসে পাঁচ উইকেট নেওয়া বাঁহাতি এই স্পিনার ১২০ রানে নেন ৬ উইকেট। দুই ইনিংস মিলিয়ে তার শিকার ৯ উইকেট।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ২৭৮ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। জবাবে ২৩২ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ৪৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা স্বাগতিকরা মুশফিকের ১৩৭ রানের ওপর ভর করে তোলে ৩৯০ রান।















মন্তব্য করুন: