পাকিস্তানকে লজ্জায় ফেলার নজিরে অস্ট্রেলিয়ার পাশে বাংলাদেশ

পাকিস্তানকে লজ্জায় ফেলার নজিরে অস্ট্রেলিয়ার পাশে বাংলাদেশ

সিলেট টেস্ট জিতে পাকিস্তানকে টানা দ্বিতীয়বার হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এর আগে কেবল অস্ট্রেলিয়াই পাকিস্তানকে এই লজ্জায় ফেলতে পেরেছিল।

বুধবার সিলেটে সিরিজের দ্বিতীয় শেষ টেস্টের পঞ্চম দিন পাকিস্তানকে ৭৮ রানে হারায় নাজমুল হোসেন শান্তর দল। এর আগে ঢাকাতেও দাপুটে পারফরম্যান্সে সফরকারীদের ১০৪ রানে হারায় টাইগাররা।

এর আগে ২০২৪ সালের আগস্ট-সেপ্টেম্বরে পাকিস্তানের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজের দুটিতেই জিতেছিল শান্তর দল।

বাংলাদেশের আগে পাকিস্তানকে ১৯৯৯ থেকে ২০০৯ সাল পর্যন্ত টানা চার টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছিল অস্ট্রেলিয়া।

পাকিস্তানের বিপক্ষে ১৭ টেস্ট খেলে চারটিতে জিতেছে বাংলাদেশ। সবকটিই এসেছে সবশেষ দুই সিরিজে। এর মধ্য দিয়ে দ্বিতীয় কোনো দলের বিপক্ষে টানা চার টেস্ট জিতল টাইগাররা। ২০১৩-১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টানা চারটি টেস্ট জিতেছিল তারা।

শুধু তাই নয়, নিজেদের টেস্ট ইতিহাসে সব মিলিয়ে এবারই প্রথম টানা চারটি টেস্ট জিতল বাংলাদেশ। এই সিরিজের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট জিতেছিল তারা। আর সব মিলিয়ে ঘরের মাঠে প্রথমবারের মতো টানা পাঁচ ম্যাচ জিতল শান্তর দল।

পাকিস্তানের বিপক্ষে সিলেট টেস্ট জিতে সাদা পোশাকের ক্রিকেটে দেশের ইতিহাসের সফলতম অধিনায়ক এখন শান্ত। এটি ছিল তার নেতৃত্বে বাংলাদেশের অষ্টম টেস্ট জয়। মিরপুর টেস্ট জিতে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি জয়ের নেতৃত্ব দেওয়ার তালিকায় মুশফিকুর রহিমকে স্পর্শ করেছিলেন তিনি।

২০২৩ সালের নভেম্বর থেকে টেস্টে নেতৃত্ব দেওয়া বাঁহাতি এই ব্যাটারের অধীনে ১৮ টেস্টের মধ্যে বাংলাদেশ আটটিতে জিতেছে, নয়টিতে হেরেছ এবং একটিতে ড্র করেছে।

মন্তব্য করুন: