পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে যাচ্ছে বাংলাদেশ
২২ মে ২০২৬
প্রায় চার বছর পর জিম্বাবুয়েতে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগামী জুন-জুলাইয়ে তিন ফরম্যাট মিলিয়ে দেশটিতে মোট সাতটি ম্যাচ খেলবে টাইগাররা।
শুক্রবার এক বিবৃতিতে সফরের সূচি প্রকাশ করে ক্রিকেট জিম্বাবুয়ে। সফরে একটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলবে দু’দল।
আগামী ২৮ জুন হারারেতে সফরের একমাত্র টেস্টটি শুরু হবে। একই ভেন্যুতে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৬, ৯ ও ১১ জুলাই। বুলাওয়েয়োতে টি-টুয়েন্টিগুলো মাঠে গড়াবে ১৫, ১৭ ও ১৯ জুলাই।
সাদা পোশাকের ক্রিকেটে এখন পর্যন্ত ২০ বার জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে বাংলাদেশ, যার মধ্যে জিতেছে ৯টিতে, হেরেছে আটটিতে। সবশেষ গত বছর বাংলাদেশে অনুষ্ঠিত দুই ম্যাচের টেস্ট সিরিজটি ১-১ সমতায় শেষ হয়েছিল।
বাংলাদেশের সবশেষ জিম্বাবুয়ে সফর ছিল ২০২২ সালের জুলাই-আগস্টে। সেবার শুধু সাদা বলের সিরিজ খেলেছিল তারা। তিন ম্যাচের ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজের দুটিতেই ২-১ ব্যবধানে হেরেছিল সফরকারীরা।
এই সিরিজ দিয়ে চলতি বছর প্রথমবারের মতো ঘরের মাঠে খেলতে নামবে জিম্বাবুয়ে। টি-টুয়েন্টি বিশ্বকাপের পর এই সিরিজ দিয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামবে দেশটি।
বাংলাদেশের জিম্বাবুয়ে সফরের সূচি:
একমাত্র টেস্ট: ২৮ জুন থেকে ২ জুলাই
১ম ওয়ানডে: ৬ জুলাই
২য় ওয়ানডে: ৯ জুলাই
৩য় ওয়ানডে: ১১ জুলাই
১ম টি-টুয়েন্টি: ১৫ জুলাই
২য় টি-টুয়েন্টি: ১৭ জুলাই
৩য় টি-টুয়েন্টি: ১৯ জুলাই















মন্তব্য করুন: