৬ মাস পর পাকিস্তানের ওয়ানডে দলে বাবর
২২ মে ২০২৬
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের পাকিস্তান দলে ডাক পেয়েছেন বাবর আজম। অন্যদিকে দল থেকে বাদ পড়েছেন উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান।
শুক্রবার তিন নতুন মুখ নিয়ে ঘরের মাঠে অজিদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
অধিনায়ক শাহিন শাহ আফ্রিদির সহকারি হিসেবে দায়িত্ব পেয়েছেন টি-টুয়েন্টি অধিনায়ক সালমান আলী আগা।
বাবর ছাড়াও দলে ফিরেছেন নাসিম শাহ ও শাদাব খান। এদের মধ্যে বাবর ও নাসিম ওয়ানডেতে জাতীয় দলের হয়ে সবশেষ গত বছর নভেম্বরে মাঠে নেমেছিলেন। শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের সেই সিরিজে হোয়াইটওয়াশড হয়েছিল পাকিস্তান। অন্যদিকে শাদাব দেশের হয়ে সবশেষ ওয়ানডে খেলেন ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে।
প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পাওয়া ক্রিকেটাররা হলেন – উইকেটকিপার-ব্যাটার রোহাইল নাজির, বাঁহাতি স্পিনার আরাফাত মিনহাস ও ফাস্ট বোলার আহমেদ দানিয়েল।
এর আগে নিজেদের খেলা সবশেষ ওয়ানডে সিরিজে ছয় ক্রিকেটারকে অভিষেক করিয়েছিল পাকিস্তান। গত মার্চে বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হওয়া সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিল তারা।
রিজওয়ান ছাড়াও সেই সফরের দল থেকে বাদ পড়েছেন ফাহিম আশরাফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, হুসাইন তালাত, ফয়সাল আকরাম ও সাদ মাসুদ।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) চ্যাম্পিয়ন পেশোয়ার জালমির হয়ে ২২ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা হওয়া সুফিয়ান মুকিমও জায়গা পেয়েছেন দলে। এখন পর্যন্ত চার ওয়ানডে খেলা বাঁহাতি এই রিস্টস্পিনার গত বছরের আগস্টে এই ফরম্যাটে সবশেষ খেলেছিলেন।
আগামী ৩০ মে রাওয়ালপিন্ডিতে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি। ২ ও ৪ জুন শেষ দুই ম্যাচ হবে লাহোরে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে পাকিস্তান দল:
শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), সালমান আলী আগা (সহ-অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, আহমেদ দানিয়েল, আরাফাত মিনহাস, বাবর আজম, হারিস রউফ, মাজ সাদাকাত, গাজী ঘরি, নাসিম শাহ, রোহাইল নাজির, সাহিবজাদা ফারহান, শাদাব খান, শামিল হুসেইন, সুফিয়ান মুকিম















মন্তব্য করুন: