লঙ্কা প্রিমিয়ার লিগে ফিরছেন সাকিব
২৩ মে ২০২৬
প্রায় সাড়ে ৬ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন সাকিব আল হাসান। বাংলাদেশের এই অলরাউন্ডারকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) দল জাফনা কিংস।
শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি লিগটিতে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করে টুর্নামেন্ট কর্তৃপক্ষ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ৩৯ বছর বয়সী সাকিবকে পরিচয় করিয়ে দেওয়া পোস্টে লেখা হয়, “কিংসে যোগ দিলেন এক বিশ্বখ্যাত টি-টুয়েন্টি তারকা। এলপিএলে জাফনা কিংসের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন সাকিব আল হাসান। যখন দলের স্থিতিশীলতা প্রয়োজন, তখন রান (করেন)। যখন খেলায় ব্রেকথ্রু দরকার, তখন (এনে দেন) উইকেট। যখন চাপ চরমে, তখন (থাকেন) অবিচল। টি-টুয়েন্টি ক্রিকেটের সেরা অলরাউন্ডারদের একজনকে দলে নিয়ে জাফনা তাদের বিপজ্জনক লাইনআপে আরও শক্তি যোগ করল।”
এখন পর্যন্ত এলপিএলে একবারই খেলেছেন সাকিব, ২০২৩ আসরে গল টাইটান্সের হয়ে। সেবার ৯ ইনিংসে প্রায় ১১৫ স্ট্রাইক-রেটে ১৩৮ রান করেছিলেন তিনি। উইকেট নিয়েছিলেন ১০টি। ওভারপ্রতি রান দিয়েছিলেন ৫ দশমিক ৭০ করে।
গত দেড় বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা সাকিব বর্তমানে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন সাকিব। প্রতিযোগিতামূলক ক্রিকেটে সবশেষ খেলেছেন সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টুয়েন্টিতে। গত ৪ জানুয়ারি টুর্নামেন্টের ফাইনালে তার দল এমআই এমিরেটস হেরে যায় ডেজার্ট ভাইপার্সের কাছে। ফাইনালে ২৭ বলে ৩৬ রান করেছিলেন তিনি। এক ওভার বোলিং করে কোনো উইকেট পাননি।
দুই বছর বন্ধ থাকার পর এবার আবারও শুরু হতে যাচ্ছে এলপিএল। আগামী ১৭ জুলাই কলম্বোয় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সাকিবের জাফনা কিংস মুখোমুখি হবে গল মার্ভেলসের।















মন্তব্য করুন: