ওয়েস্ট ইন্ডিজকে বিশ্বকাপ জয়ের দৌড়ে এগিয়ে রাখছেন বোল্ট
১৭ মে ২০২৪
ওয়ানডের মতো টি-টুয়েন্টি বিশ্বকাপেও প্রথম দল হিসেবে একাধিক শিরোপা জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। ২০১২ ও ২০১৬ আসরের শিরোপা ঘরে তুলেছিল ড্যারেন স্যামির দল। তবে ওয়ানডের মতো টি-টুয়েন্টিতেও যেন তারা নিজেদের জৌলুশ হারিয়ে ফেলেছে। এই ফরম্যাটের সবশেষ দুই বিশ্ব আসর মিলিয়ে দলটি জয় পেয়েছে মাত্র দুটি। এরপরও ঘরের মাঠে অনুষ্ঠিত এবারের আসরে শিরোপা দৌড়ে ওয়েস্ট ইন্ডিজকেই এগিয়ে রাখছেন বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট।
ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে যৌথভাবে শুরু হতে যাওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপের নবম আসরের শুভেচ্ছাদূতের দায়িত্বে আছেন অলিম্পিকে ৮টি সোনাজয়ী বোল্ট। গত বুধবার নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনের সময় এবারের টুর্নামেন্টে দলগুলোর শিরোপা জয়ের সম্ভাবনা প্রসঙ্গে এই জ্যামাইকান গতি তারকা বলেন, “আমি সব সময়ই আমার ঘরের দলের (ওয়েস্ট ইন্ডিজ) পক্ষে।”
তবে শুধু নিজেদের দল বলে নয়, ওয়েস্ট ইন্ডিজকে এগিয়ে রাখার কারণ হিসেবে দলে থাকা পাওয়ার হিটারদের কথা তুলে ধরে বোল্ট বলেন, “আমাদের বড় হিটার আছে কয়েকজন। যদি সব ঠিকঠাক থাকে, তাহলে অবশ্যই ওয়েস্ট ইন্ডিজ (জিতবে)।”
অধিনায়ক রোভম্যান পাওয়েল ছাড়াও ব্যাট হাতে ক্যারিবিয়ানদের হয়ে ঝড় তোলার জন্য বিশ্বকাপ দলে আছেন আন্দ্রে রাসেল, শিমরন হেটমায়ার, নিকোলাস পুরান, শারফেইন রাদারফোর্ড, রোমারিও শেফার্ড ও জনসন চার্লসের মতো ব্যাটাররা। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে তারা দুর্দান্ত ছন্দেও আছেন।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে ক্রিকেটের সম্ভাবনা প্রসঙ্গেও নিজের অভিমত দেন বোল্ট। দেশটিতে এবারই প্রথম আইসিসির কোনো বৈশ্বিক টুর্নামেন্ট হচ্ছে। সেখানে বেসবল, বাস্কেটবল, আইস হকি ও আমেরিকান ফুটবলের মতো খেলার দাপট বেশি থাকলেও ক্রিকেটের রোমাঞ্চ ও উত্তেজনার কারণে মার্কিন মুলুকে এটির জনপ্রিয়তা পাবে বলে আশা করেন বিশ্বের দ্রুততম মানব।
ছোটবেলা থেকেই ক্রিকেটের মাঝে বেড়ে ওঠা বোল্ট বিশ্বকাপের শুভেচ্ছাদূত হতে পেরে দারুণ উচ্ছ্বাসিত। ক্রিকেটার হওয়ার স্বপ্ন পূরণ না হলেও বিশ্বকাপের অংশ হতে পেরে তিনি বলেন, “আমি ক্রিকেটের মাঝে বেড়ে উঠেছি। আমার বাবা ক্রিকেটের একজন বিশাল ভক্ত। এটি সবসময় আমার রক্তে ছিল। আমার ক্রিকেটার হওয়ার স্বপ্ন কখনোই পূরণ করতে পারিনি। তবে টি-টুয়েন্টি বিশ্বকাপের শুভেচ্ছাদূত হিসেবে আবারও ক্রিকেটের অংশ হতে পেরে দারুণ লাগছে।”
আগামী ২ জুন গায়ানায় পাপুয়া নিউ গিনির বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের তৃতীয় বিশ্বকাপ জয়ের অভিযান শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ। ‘সি’ গ্রুপে ক্যারিবিয়ানদের বাকি প্রতিপক্ষগুলো হলো – আফগানিস্তান, নিউ জিল্যান্ড ও উগান্ডা।















মন্তব্য করুন: