পারলেন না জোকোভিচ, শিরোপা জিতে আলকারাসের ইতিহাস

১ ফেব্রুয়ারি ২০২৬

পারলেন না জোকোভিচ, শিরোপা জিতে আলকারাসের ইতিহাস

প্রথম সেট জিতে শুরুটা দুর্দান্ত করেছিলেন নোভাক জোকোভিচ। কিন্তু ঘুরে দাঁড়িয়ে টানা তিন সেট জিতে ইতিহাস গড়লেন কার্লোস আলকারাস। অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বাদ পেয়েছেন স্প্যানিশ এই তারকা।

জিতলে পুরুষ বা মহিলা এককে সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড শুধু নিজের করে নিতেন জোকোভিচ। অস্ট্রেলিয়ার কিংবদন্তি মার্গারেট কোর্টের সঙ্গে যৌথভাবে ২৪টি শিরোপা নিয়ে অপেক্ষায় থাকতে হচ্ছে সার্বিয়ার এই তারকাকে।

রোববার মেলবোর্নের রড লেভার অ্যারেনায় বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের পুরুষ এককের ফাইনালে চতুর্থ বাছাই জোকোভিচকে ২-৬, ৬-২, ৬-৩, ৭-৫ গেমে হারান শীর্ষ বাছাই আলকারাস।

এর আগে উইম্বলডন, ফ্রেঞ্চ ওপেন ও ইউএস ওপেন জেতা এই তারকা এবারই প্রথমবারের মতো জিতলেন অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা। চারটি গ্র্যান্ড স্লামের প্রতিটিই কমপক্ষে একবার করে জেতাকে বলা হয় ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম। আলকারাস এই মাইলফলক স্পর্শ করলেন ২২ বছর ২৭২ দিন বয়সে।

আগের রেকর্ড ছিল ডন বাজের। ১৯৩৮ সালে ফরাসি ওপেন জিতে ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম পূরণের সময় যুক্তরাষ্ট্রের এই তারকার বয়স ছিল ২২ বছর ৩৬৩ দিন।

এটি আলকারাসের সপ্তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা। এর আগে দুইবার করে উইম্বলডন, ফ্রেঞ্চ ওপেন ও ইউএস ওপেন জিতেছিলেন তিনি। এবারের আগে কখনও অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার-ফাইনাল পার হতে পারেননি তিনি। প্রথমবার ফাইনালে উঠেই হারিয়ে দিলেন রেকর্ড ১০ বারের চ্যাম্পিয়ন জোকোভিচকে।

এর আগে মেলবোর্নে ১০ বার ফাইনালে খেলে প্রতিবারই শিরোপা জিতেছিলেন জোকোভিচ। ৩৮ বছর বয়সী এই তারকা তার সবশেষ গ্র্যান্ড স্ল্যাম জেতেন ২০২৩ সালে। সেবার ইউএস ওপেনে জিতে পুরুষ এককে রেকর্ড ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জেতেন তিনি। স্পর্শ করেন পুরুষ-নারী মিলিয়ে অস্ট্রেলিয়ার কিংবদন্তি মার্গারেট কোর্টের (২৪টি) সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড।

এরপর এই নিয়ে দুটি গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে ওঠেন জোকোভিচ। দুইবারই হারলেন আলকারাসের কাছে।

মন্তব্য করুন: