টানা চতুর্থবার সর্বোচ্চ আয় করা অ্যাথলেট রোনালদো, তিনে মেসি
২৩ মে ২০২৬
টানা চতুর্থবারের মতো এক বছরে সর্বোচ্চ করা অ্যাথলেট হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এই তালিকার তিন নম্বরে আছেন ফুটবলের আরেক মহাতারকা লিওনেল মেসি।
শুক্রবার মার্কিন সাময়িকী ফোর্বসের প্রকাশিত ২০২৬ সালে আয় করা সেরা ৫০ অ্যাথলেটদের তালিকায় শীর্ষে রাখা হয়েছে রোনালদোকে। এই নিয়ে মোট ছয়বার এই তালিকার শীর্ষে জায়গা করে নিলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী পর্তুগিজ মহাতারকা।
ফোর্বস জানায়, ২০২৫ সালের ১ মে থেকে ২০২৬ সালের ১ মে পর্যন্ত অ্যাথলেটদের আয়ের ওপর ভিত্তি করে এই তালিকা করা হয়েছে। এজন্য বিভিন্ন খেলার সঙ্গে নিযুক্ত কর্মকর্তা, এজেন্ট ও অভন্তরীন বিভিন্ন ব্যক্তিদের সঙ্গে আলোচনা করা হয়েছে। এই তালিকায় আয়কর অথবা এজেন্টদের ফি বাবদ অর্থ বাদ দেওয়া হয়নি।
ফোর্বসের প্রতিবেদন অনুযায়ী, এই সময়ের মধ্যে আনুমানিক ৩০ কোটি ডলার আয় করেছেন রোনালদো। আয়ের সিংহভাগই এসেছে আল-নাসের থেকে। সৌদি ক্লাবটির সঙ্গে তার বর্তমান চুক্তি থেকে এসেছে প্রায় সাড়ে ২৩ কোটি ডলার। বাকি সাড়ে ৬ কোটি ডলার এসেছে বিভিন্ন পণ্যের প্রচার ও মাঠের বাইরের ব্যবসায়িক উদ্যোগ থেকে।
তালিকার তিন নম্বরে মেসি গত এক বছরে আয় করেছেন প্রায় ১৪ কোটি ডলার। এর মধ্যে ৭ কোটি ডলার পেয়েছেন ইন্টার মায়ামি থেকে এবং বাকি ৭ কোটি ডলার এসেছে অ্যাডিডাস, অ্যাপল টিভি, মাস্টারকার্ড এবং অন্যান্য ব্র্যান্ডের সঙ্গে এন্ডোর্সমেন্টের মাধ্যমে।
তালিকার শীর্ষে পাঁচে থাকা বাকি অ্যাথলেটরা হলেন – মেক্সিকান বক্সার কানেলো আলভারেস (১৭ কোটি ডলার), যুক্তরাষ্ট্রের বাস্কেটবল তারকা লেব্রন জেমস (১৩ কোটি ৭৮ লাখ ডলার), জাপানের বেসবল তারকা শোহেই ওতানি (১২ কোটি ৭৬ লাখ ডলার)।
ফুটবল থেকে আয়ের দিক দিয়ে সেরা ৫০ অ্যাথলেটের তালিকায় জায়গা পেয়েছেন মোট সাতজন। রোনালদো-মেসি ছাড়া শীর্ষ দশের মধ্যে আছেন করিম বেনজেমা। ফরাসি এই তারকার আয় আনুমানিক ১০ কোটি ৪০ লাখ ডলার।
তালিকার ১২ নম্বরে থাকা রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের আয় প্রায় সাড়ে ৯ কোটি ডলার। ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান গোলমেশিন আর্লিং হলান্দ প্রায় ৮ কোটি ডলার নিয়ে আছেন ১৯ নম্বরে। রিয়ালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসুস জুনিয়রের আয় প্রায় ৬ কোটি ডলার। তিনি আছেন ৩৪ নম্বরে। আর ৪৭ নম্বরে থাকা মোহাম্মদ সালাহর আয় প্রায় সাড়ে ৫ কোটি ডলার।
ক্রিকেট থেকে শীর্ষে পঞ্চাশে জায়গা পাননি কেউই।















মন্তব্য করুন: