২ ঘণ্টার নিচে ম্যারাথন শেষ করে কেনিয়ার সাওয়ের ইতিহাস

২৬ এপ্রিল ২০২৬

২ ঘণ্টার নিচে ম্যারাথন শেষ করে কেনিয়ার সাওয়ের ইতিহাস

প্রথম অ্যাথলেট হিসেবে দুই ঘণ্টার কম সময়ে প্রতিযোগিতামূলক ম্যারাথন শেষ করে ইতিহাসের পাতায় নাম তুলেছেন কেনিয়ার সেবাস্তিয়ান সাওয়ে।

রোববার লন্ডন ম্যারাথনে ১ ঘণ্টা ৫৯ মিনিট ৩০ সেকেন্ড সময় নিয়ে ফিনিশিং লাইন স্পর্শ করেন এখন পর্যন্ত ক্যারিয়ারে কোনো ম্যারাথনে না হারা সাওয়ে। এর মধ্য দিয়ে তিনি ভেঙে দেন প্রয়াত কেলভিন কিপটামের বিশ্বরেকর্ড।

২০২৩ সালের অক্টোবরে শিকাগো ম্যারাথন ২ ঘণ্টা ৩৫ সেকেন্ডে শেষ করেছিলেন কিপটামে। ২০২৪ সালে মাত্র ২৪ বছর বয়সে কেনিয়ায় এক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন তিনি।

৪২ দশমিক ১৯৫ কিলোমিটারের এই দীর্ঘ পথে সাওয়ের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করেন ইথিওপিয়ার ইয়োমিফ কেজেলচা। তবে শেষ মুহূর্তে পিছিয়ে পড়ে ১ ঘণ্টা ৫৯ মিনিট ৪১ সেকেন্ডে দৌড় শেষ করে দ্বিতীয় হন তিনি।

উগান্ডার জ্যাকব কিপ্লিমো ২ ঘণ্টা ০২ মিনিট ২৮ সেকেন্ডে দৌড় শেষ করে ব্রোঞ্জ জেতেন।

এর আগে ২০১৯ সালে কেনিয়ার কিংবদন্তি দৌড়বিদ ইলিউড কিপচোগে একটি বিশেষ ইভেন্টে ইতিহাসের প্রথম ব্যক্তি হিসেবে দুই ঘণ্টার কম সময়ে ম্যারাথন দূরত্ব পাড়ি দিয়েছিলেন। কিন্তু সেটি একটি নিয়ন্ত্রিত পরিবেশের মধ্যে হওয়ায় রেকর্ডের অন্তর্ভুক্ত করা হয়নি।

নিজের গড়া বিশ্বরেকর্ড নতুন করে লেখেছেন আসসেফালন্ডন ম্যারাথন জেতার পথে শুধু নারীদের মধ্যে হওয়া কোনো প্রতিযোগিতায় নতুন বিশ্বরেকর্ড গড়েন ইথিওপিয়ার তিগস্ত আসসেফা।

২ ঘণ্টা ১৫ মিনিট ৪১ সেকেন্ডে দৌড় শেষ করে নিজের গড়া বিশ্বরেকর্ডই ভেঙে দেন ২৯ বছর বয়সী আসসেফা। গত বছর লন্ডনেই ২ ঘণ্টা ১৫ মিনিট ৫০ সেকেন্ডে দৌড় শেষ করে রেকর্ড গড়েছিলেন তিনি।

দ্বিতীয় হওয়া কেনিয়ার হেলেন ওবিরি ২ ঘণ্টা ১৫ মিনিট ৫৩ সেকেন্ডে দৌড় শেষ করেন। তার চেয়ে দুই সেকেন্ড বেশি নিয়ে ব্রোঞ্জ জেতেন জয়সিলিন জেপকোসগেই।

ম্যারাথনে নারী অ্যাথলেটের বিশ্বরেকর্ড শুধু নারী অ্যাথলেটদের ইভেন্ট আর পুরুষ ও নারীর একসঙ্গে শুরু করা ইভেন্টের ক্ষেত্রে আলাদা করে হিসেব করা হয়।

লন্ডন ম্যারাথনে ছেলেদের দৌড়ের ৩০ মিনিট আগে মেয়েদের দৌড় শুরু হওয়ায় এটাকে আলাদা ইভেন্ট হিসেবে ধরা হয়েছে।

পুরুষ ও নারীর একসঙ্গে শুরু হওয়া ম্যারাথনে মেয়েদের বিশ্বরেকর্ড রুথ চেপ্নগেটিচের। ২০২৪ সালের অক্টোবরে শিকাগো ম্যারাথনে কেনিয়ার এই দৌড়বিদ ২ ঘণ্টা ৯ মিনিট ৫৬ সেকেন্ডে দৌড় শেষ করেন। ২ ঘণ্টা ১০ মিনিটের কম সময়ে ম্যারাথন শেষ করা প্রথম নারী অ্যাথলেটও তিনি।

মন্তব্য করুন: