হংকংয়ের বাধা পেরিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশ
৯ এপ্রিল ২০২৬
টাইব্রেকারে হংকংকে হারিয়ে এশিয়ান গেমসের মূলপর্ব নিশ্চিত করেছে বাংলাদেশ হকি দল। এই জয়ে এশিয়ান গেমসের বাছাইপর্বে অন্তত ষষ্ঠ হওয়া নিশ্চিত হয়েছে তাদের।
ব্যাংককে পঞ্চম থেকে অষ্টম স্থান নির্ধারণী ম্যাচটি নির্ধারিত সময়ে ৪-৪ সমতায় শেষ হয়। এরপর টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জেতে বাংলাদেশ।
শুটআউটে হংকংয়ের তিনটি শট ঠেকিয়ে জয়ের নায়ক গোলরক্ষক বিপ্লব কূজর। অন্যদিকে বাংলাদেশের হয়ে বল জালে জড়ান ওবাইদুল জয়, রোমান সরকার ও ফজলে রাব্বি।
আগামী সেপ্টেম্বরে জাপানে বসবে এশিয়ান গেমসের এবারের আসর। এবার ৯ দলের বাছাইপর্বে শীর্ষ ছয় দল এশিয়ান গেমসে খেলার সুযোগ পাবে।
এখন পর্যন্ত এশিয়ান গেমসের হকিতে ১১ বার অংশ নিয়েছে বাংলাদেশ। দলের সেরা সাফল্য ষষ্ঠ হওয়া, ১৯৭৮ ও ২০১৮ সালের আসরে।
একই দিন থাইল্যান্ডকে হারিয়ে এশিয়ান গেমসের টিকিট নিশ্চিত হয়েছে চাইনিজ তাইপের। তাদের বিপক্ষে আগামীকাল পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচ খেলবে বাংলাদেশ।
র্যাঙ্কিংয়ে ২৮ ধাপ পিছিয়ে থাকা হংকংয়ের বিপক্ষে প্রথম কোয়ার্টারে ২-১ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে কোনো দলই গোলের দেখা পায়নি। তৃতীয় কোয়ার্টারে হংকং সমতায় ফেরার পর ৪১তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশকে আবার এগিয়ে দেন আশরাফুল ইসলাম।
চতুর্থ ও শেষ কোয়ার্টারে দারুণভাবে জমে ওঠে ম্যাচ। ৪৬তম মিনিটে আবার সমতয় ফেরে হংকং। দুই মিনিট পর বাংলাদেশকে আবার এগিয়ে দেন আশরাফুল। ৪৮তম মিনিটেই আরও একবার সমতায় ফেরে হংকং। শেষ পর্যন্ত এই সমতায় শেষ হয় ৬০ মিনিটের খেলা।
‘বি’ গ্রুপে চাইনিজ তাইপেকে ৪-৩ গোলে হারিয়ে বাছাইপর্ব শুরু করে বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ম্যাচেই খেই হারিয়ে ফেলে তারা। র্যাঙ্কিংয়ে ৮ ধাপ পিছিয়ে থাকা শ্রীলঙ্কার কাছে ২০ বছর পর আহে আশিকুজ্জামানের দল।
সেমি-ফাইনাল নিশ্চিত করার তৃতীয় ও শেষ ম্যাচে উজবেকিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ। তাতে গ্রুপে তৃতীয় হওয়ায় পঞ্চম থেকে অষ্টম স্থান নির্ধারণীতে অংশ নিতে হচ্ছে দলকে।















মন্তব্য করুন: