রান তাড়ার রেকর্ড গড়ে আফগানিস্তানকে হারাল নিউ জিল্যান্ড

৮ ফেব্রুয়ারি ২০২৬

রান তাড়ার রেকর্ড গড়ে আফগানিস্তানকে হারাল নিউ জিল্যান্ড

গুলবাদিন নাইবের ফিফটিতে বড়ো সংগ্রহ গড়ার পর মুজিব উর রহমানের জোড়া আঘাতে শুরুতেই চাপে পড়ে গিয়েছিল নিউ জিল্যান্ড। তবে টিম সাইফার্টের ফিফটি ও গ্লেন ফিলিপসের ঝড়ো ব্যাটিংয়ে আফগানিস্তানের দেওয়া ধাক্কা সামলে শেষ পর্যন্ত ৫ উইকেটের দারুণ জয় পেয়েছে তারা।

রোববার চেন্নাইয়ে টিটুয়েন্টি বিশ্বকাপের ডি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ১৮৩ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়ে নিউ জিল্যান্ড।

এর আগে টিটুয়েন্টি বিশ্বকাপে রান তাড়ায় তাদের সেরা সাফল্য ছিল ২০২১ সালে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে করা ১৬৭ রান।

দ্বিতীয় ওভারে টানা দুই বলে ফিন অ্যালেন (১) ও রাচিন রবীন্দ্রকে ফিরিয়ে দেন মুজিব উর রহমান। ১৪ রানে ২ উইকেট হারানোর পর সাইফার্ট ও ফিলিপস তৃতীয় উইকেটে ৭৪ রানের জুটি গড়ে চাপ সামলান।

ফিলিপস ২৫ বলে ৪২ করে রশিদ খানের বলে বোল্ড হন। তবে ওপেনার সাইফার্ট ৪২ বলে ৬৫ রানের ইনিংস খেলে দলকে ম্যাচে ফেরান।

মোহাম্মদ নবীর এক ওভারে টানা দুই ছক্কায় ফিফটি পূর্ণ করেন তিনি, পরের বলে মারেন চার। তবে এরপরই স্কয়ার লেগে ক্যাচ তুলে দিয়ে আউট হন সাইফার্ট।

মার্ক চ্যাপম্যান ২৮ করে ফিরলে কিছুটা চাপ তৈরি হয়েছিল। শেষ চার ওভার বাকি থাকতে স্কোর ছিল ১৫৫৫। তবে রশিদ ও মুজিবের ওভার শেষ হয়ে যাওয়ার পর ড্যারিল মিচেল ও মিচেল স্যান্টনার নিয়ন্ত্রিত আগ্রাসনে রান তোলেন। আফগান পেসারদের কাছে যার কোনো জবাব ছিল না।

মিচেল ১৪ বলে অপরাজিত ২৫ এবং স্যান্টনার ৮ বলে ১৭ রানে অপরাজিত থেকে ১৩ বল হাতে রেখেই দলকে জিতিয়ে ফেরেন।

এর আগে আফগানিস্তান ৬ উইকেটে ১৮২ রানের সংগ্রহ পায় গুলবাদিন নাইবের ব্যাটে। রহমানউল্লাহ গুরবাজ ও সেদিকুল্লাহ আতালের সঙ্গে জুটি গড়ে ৩৫ বলে ৬৩ রান করেন এই অলরাউন্ডার।

নিউ জিল্যান্ডের হয়ে লকি ফার্গুসন ৪০ রানে নেন ২ উইকেট। ম্যাট হেনরি, জ্যাকব ডাফি ও রাচিন রবীন্দ্র নেন একটি করে উইকেট।

স্কোরলাইন : নিউ জিল্যান্ড ৫ উইকেটে ১৮৩ (সাইফার্ট ৬৫, ফিলিপস ৪২, মিচেল ২৫*, মুজিব ২৩১); আফগানিস্তান ৬ উইকেটে ১৮২ (নাইব ৬৩, ফার্গুসন ২৪০) নিউ জিল্যান্ড ৫ উইকেটে জয়ী।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add