পাকিস্তানের বিরুদ্ধে আইসিসিকে ব্যবস্থা নিতে বললেন গাভাস্কার
২ ফেব্রুয়ারি ২০২৬
ভারতের বিপক্ষে পাকিস্তানের বিশ্বকাপ ম্যাচ বয়কটের ঘোষণায় ক্ষোভ প্রকাশ করে ভারতের ক্রিকেট কিংবদন্তি সুনীল গাভাস্কার আইসিসিকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে দেশটির ১৯৮৩ বিশ্বকাপ জয়ী ক্রিকেটার মদন লালের মতে, বাংলাদেশকে সমর্থন দিয়ে পাকিস্তান সরকার ও পিসিবি নিজেদের ক্রিকেটেরই ক্ষতি করছে।
অনেক জল্পনা-কল্পনা শেষে রোববার পাকিস্তান দলকে বিশ্বকাপে অংশ নেওয়ার অনুমতি দেয় দেশটির সরকার। কিন্তু আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে গ্রুপপর্বের ম্যাচটি খেলতে পাকিস্তান মাঠে নামবে না বলে জানানো হয়।
এই সিদ্ধান্তের সমালোচনা করে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে গাভাস্কার বলেন, “নিশ্চিতভাবেই শেষ মুহূর্তে সরে দাঁড়ানোটা একটি সমস্যা। আগে থেকেই সরে দাঁড়ালে সেটা ভিন্ন বিষয় হতে পারত। কিন্তু টুর্নামেন্টের ঠিক আগমুহূর্তে এমন সিদ্ধান্ত নেওয়া হলে আমার মতে আইসিসির হস্তক্ষেপ করা উচিত এবং কিছু ব্যবস্থা নেওয়া দরকার। আইসিসি কী ধরনের পদক্ষেপ নেবে, তা আমি জানি না।… তবে এমন কিছু করা উচিত, যাতে ভবিষ্যতে কোনো দল এমন সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবতেও না পারে।”
অন্যদিকে ভারতের আরেক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দেশটির সাবেক এই অধিনায়ক পাকিস্তানের সিদ্ধান্ত পাল্টানোর সম্ভাবনার কথা বলেন।
“আমার মতে আগামী চার-পাঁচ দিনে বিশ্বজুড়ে এবং তাদের সাবেক খেলোয়াড়দের থেকে যখন এই বয়কটের সিদ্ধান্ত নিয়ে প্রতিক্রিয়া শুরু হবে, তখন তাদের অবস্থান বদলাতেও পারে। এটা নতুন কিছু নয়। আমরা সবাই জানি পাকিস্তানি ক্রিকেটাররা অবসর নেন এবং চার দিন পর আবার অবসর ভেঙে ফিরে আসেন। আবারও এমনটা হতে পারে।”
বাংলাদেশ নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে খেলতে অস্বীকৃতি জানানোয় গত ২৪ জানুয়ারি তাদের টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার পর বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। বিকল্প ভেন্যুর দাবিতে বাংলাদেশকে প্রকাশ্যে সমর্থন দেওয়া একমাত্র দেশ ছিল পাকিস্তান। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি তখন জানিয়েছিলেন, শেষ পর্যন্ত টুর্নামেন্টে অংশগ্রহণের সিদ্ধান্ত সরকারই নেবে। সরকারের সঙ্গে আলোচনার পর বিশ্বকাপ বয়কট না করলেও তারা ভারত ম্যাচ বয়কটের ঘোষণা দিল।
ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে মদন লাল জানান, পাকিস্তান সরকারের সিদ্ধান্ত বর্তমান পরিস্থিতিতে কোনো সমস্যার সমাধান করবে না, বরং বাংলাদেশ ও পাকিস্তান, দুই দেশই এর ফল ভোগ করবে।
“আমার মনে হয়, পাকিস্তান সরকার ও পিসিবি সবাই মিলে নিজেদের ক্রিকেটেরই ক্ষতি করছে। এতে তাদের কোনো সমস্যার সমাধান হবে না। এখানে কারও তো সঠিকভাবে ভাবার দরকার ছিল। কিন্তু তারা এখন ঠিকভাবে ভাবছে না। তারা বাংলাদেশকে সমর্থন দিতে চায়। সেটা তারা দিতেই পারে। সেটা আমাদের বিষয় নয়। কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশকে ভুগতে হবে। ভুগবে পাকিস্তানও।”















মন্তব্য করুন: