শেষ বলের রুদ্ধশ্বাস লড়াইয়ে নেপালকে হারাল ইংল্যান্ড
৮ ফেব্রুয়ারি ২০২৬
টি–টুয়েন্টি বিশ্বকাপে বড়ো অঘটনের মুখ থেকে ঘুরে দাঁড়িয়ে নেপালকে ৪ রানে হারিয়েছে ইংল্যান্ড। ম্যাচের শেষ বল পর্যন্ত লড়াই করে জয় পেয়েছে দুইবারের চ্যাম্পিয়নরা।
রোববার মুম্বাইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের রুদ্ধশ্বাস ম্যাচে জয়ের জন্য নেপালের শেষ ৯ বলে দরকার ছিল ১৩ রান, শেষ ওভারে ১০ রান। তবে শেষ ওভারে স্নায়ুচাপ সামলে দুর্দান্ত বল করে মাত্র ৫ রান দিয়ে দলকে বিপর্যয় থেকে বাঁচান স্যাম কারান।
শেষ বলে জয়ের জন্য ছক্কা প্রয়োজন ছিল নেপালকে আশা জাগানো লোকেশ বামের। কিন্তু তিনি নিতে পারেন মাত্র এক রান।
অধিনায়ক হ্যারি ব্রুক (৫৩) ও তিন নম্বরে নামা জ্যাকব বেথেলের (৫৫) ফিফটিতে ইংল্যান্ড ৭ উইকেট হারিয়ে তোলে ১৮৪ রানে, যা নেপালের সীমিত ব্যাটিং শক্তির নাগালের বাইরে বলেই মনে হচ্ছিল।
তবে ২০ বলে অপরাজিত ৩৯ রান করা লোকেশ প্রায় অঘটন ঘটিয়েই ফেলেছিলেন। শেষ পর্যন্ত নেপাল ৬ উইকেট হারিয়ে করতে পারে ১৮০ রানে।
বড়ো লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে নেপাল। জোফরা আর্চারের এক ওভারে চার বলের মধ্যে তিনটি বাউন্ডারি মেরে সুর ঠিক করেন কুশল ভুর্তেল (২৯)। জ্যাকসের বলে এগিয়ে এসে শট নিয়ন্ত্রণ করতে না পেরে সহজ রিটার্ন ক্যাচ দেন এই ওপেনার।
দীপেন্দ্র সিং আইরি (৪৪) ও অধিনায়ক রোহিত পাউডেল (৩৯) ৫৪ বলে ৮২ রানের জুটি গড়ে নেপালকে লড়াইয়ে রাখেন। শেষ ছয় ওভারে সমীকরণ নেমে আসে ৬২ রানে।
স্যাম কারান আইরিকে ফিরিয়ে ইংল্যান্ড শিবিরে স্বস্তি ফেরান। একটু পরেই আউট হন পাউডেলও। কিন্তু ১৮তম ওভারে জোফরা আর্চারের বলে টানা দুই ছক্কায় ২২ রান তুলে কিন্তু ম্যাচের মোড় ঘুরিয়ে দেন লোকেশ। এরপর ১৯তম ওভারে লুক উডকেও মারেন আরও দুটি চার। ওই ওভারে আসে ১৪ রান। ফলে শেষ ওভারে দরকার দাঁড়ায় ১০ রান।
তবে শেষ পর্যন্ত চাপের মধ্যে ইয়র্কারের পরিকল্পনাতেই অটল থেকে ইংল্যান্ডকে জেতান সম্প্রতি দলে ফেরা কারান।
এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে সপ্তম ওভারে ৫৭ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ইংল্যান্ড।
বিশ্বকাপে অভিষেক ম্যাচের প্রথম বলেই ফিল সল্টকে (১) আউট করেন শের মাল্লা। এরপর জস বাটলার ও দ্রুত টম ব্যান্টন ফিরলে চাপ আরও বাড়ে।
যে পিচে অন্য ব্যাটারদের শট খেলতে সমস্যা হচ্ছিল, সেখানে সহজেই মানিয়ে নেন বেথেল। ব্রুকের সঙ্গে ৪৫ বলে ৭১ রানের জুটি গড়ে ইনিংস গুছিয়ে নেন তিনি।
ভুর্তেলকে টানা দুই ছক্কা মেরে ২৮ বলে ফিফটি পূর্ণ করেন বেথেল। তবে একটু পরই এই লেগ স্পিনারের বলে আউট হন তিনি। নন্দন যাদবকে পুল করে ফিফটি পূর্ণ করেন ব্রুক, কিন্তু পরের বলেই ডিপ পয়েন্টে ক্যাচ তুলে দেন।
শেষদিকে ১৮ বলে অপরাজিত ৩৯ রানের ঝড়ো ইনিংস খেলেন উইল জ্যাকস। চারটি ছক্কার মধ্যে শেষ ওভারেই তিনটি মারেন করণ ছেত্রিকে।
ইংল্যান্ড: ৭ উইকেটে ১৮৪ (বেথেল ৫৫, ব্রুক ৫৩, জ্যাকস ৩৯*); নেপাল: ৬ উইকেটে ১৮০ (আইরি ৪৪, লোকেশ ৩৯*, পাউডেল ৩৯) — ইংল্যান্ড ৪ রানে জয়ী।















মন্তব্য করুন: