৭ দিনে ৩ ম্যাচ, দলের লড়াকু মানসিকতায় সন্তুষ্ট বার্সা কোচ
৪ ফেব্রুয়ারি ২০২৬
লামিনে ইয়ামাল ও রোনাল্ড আরাউহোর গোলে কোপা দেল রের সেমি-ফাইনালে উঠেছে বার্সেলোনা। তবে জয়ের জন্য দ্বিতীয় স্তরের দল আলবাসেতের বিপক্ষে ঘাম ঝরাতে হয়েছে কাতালান ক্লাবটিকে। সাত দিনের মধ্যে তৃতীয় ম্যাচে খেলতে নামা দলের লড়াকু মনোভাবে সন্তুষ্ট কোচ হানসি ফ্লিক।
মঙ্গলবার আলবাসেতের মাঠে কোয়ার্টার-ফাইনালে ২-১ গোলে জয় পায় বার্সেলোনা। ৩৯তম মিনিটে ইয়ামাল ও ৫৬তম মিনিটে আরাউহোর গোলে সহজ জয়ের পথে ছিল তারা। তবে শেষ দিকে একাধিক আক্রমণ চালিয়ে ৮৭তম মিনিটে এক গোল শোধ করে রিয়াল মাদ্রিদকে বিদায় করে শেষ আটে ওঠা আলবাসেতে। যোগ করা সময়ের প্রথম মিনিটে প্রায় সমতায় ফিরেছিল স্বাগতিকরা। গোলরক্ষক জোয়ান গার্সিয়া কোনোমতে বলের গতি কমিয়ে দেওয়ার পর, গোললাইন থেকে তা হেডে ফিরিয়ে দেন জেরার্দ মার্তিন। ফলে খেলা অতিরিক্ত সময়ে গড়ায়নি।
গত সাত দিনে সব প্রতিযোগিতা মিলিয়ে খেলা তিন ম্যাচের সবকটিতেই জিতল বার্সেলোনা। গত বুধবার চ্যাম্পিয়নস লিগের শেষ রাউন্ডের ম্যাচে কোপেনহেগেনকে ৪-১ গোলে হারিয়ে শীর্ষ আটে থেকে শেষ ষোলো নিশ্চিত করে তারা। এরপর শনিবার লা লিগায় এলচের বিপক্ষে ২-১ গোলের জয়ে শীর্ষ স্থান ধরে রাখে ফ্লিকের দল।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দলের জয়ে সন্তুষ্টি প্রকাশ করলেও গোলের সুযোগ হাতছাড়া করার হতাশা ছিল বার্সেলোনা কোচের কণ্ঠে।
“শেষ পর্যন্ত ম্যাচটা কঠিন ছিল, খুবই কঠিন। আমরা এটা আরও সহজ করতে পারতাম কারণ প্রথমার্ধে বলের নিয়ন্ত্রণ আমাদের কাছে ছিল। দ্বিতীয়ার্ধের অনেকটা সময় জুড়েও ছিল। আমরা অনেক সুযোগ তৈরি করেছি। আমাদের আরও ভালোভাবে দৃঢ়তার সঙ্গে ফিনিশিং করতে হবে। শেষ পর্যন্ত এটা কঠিন ছিল, তবে এটা আমাদের প্রাপ্য ছিল।”
“আমরা বুধবার খেলেছি, শনিবার খেলেছি আর এখন মঙ্গলবারে। আমি দলের লড়াইয়ে গর্বিত। আপনাকে কাপ ম্যাচগুলো জিততেই হবে এবং আমরা তা করেছি। আমরা এখন সেমি-ফাইনালে।”
আগামী শনিবার ঘরের মাঠে লিগ ম্যাচে মায়োর্কার মুখোমুখি হবে বার্সেলোনা।















মন্তব্য করুন: