সেনেগালের শিরোপা বাতিল, আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
১৮ মার্চ ২০২৬
আফ্রিকা কাপ অফ নেশনসের ঘটনাবহুল ও বিতর্কিত ফাইনালের দুই মাস পর সে সময় শিরোপা জেতা সেনেগালের কাছ থেকে শিরোপা কেড়ে নিয়েছে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ)। নতুন চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে মরক্কোকে।
বাংলাদেশ সময় বুধবার ভোরে এক বিবৃতিতে এই সিদ্ধান্ত জানায় সিএএফ।
গত ১৮ জানুয়ারি মরক্কোর রাজধানী রাবাতে অনুষ্ঠিত ফাইনালে যোগ করা সময়ে নিজেদের বিরুদ্ধে একটি পেনাল্টি দেওয়ার প্রতিবাদে সেনেগাল দল মাঠ ত্যাগ করেছিল। পরে ১৪ মিনিট পর তারা মাঠে ফিরলে অতিরিক্ত সময়ের গোলে ১-০ গোলে জেতে সেনেগাল।
শেষ পর্যন্ত সিএএফের আপিল বোর্ড সেনেগালের মাঠ ছেড়ে চলে যাওয়ার ঘটনাকে ম্যাচ বর্জন হিসেবে গণ্য করে মরক্কোকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করে।
সেনেগাল দলের আচরণকে প্রতিযোগিতার বিধিমালা ৮২ এবং ৮৪ নম্বর ধারার লঙ্ঘন হিসেবে চিহ্নিত করা হয়েছে। নিয়ম অনুযায়ী, যদি কোনো দল রেফারির অনুমতি ছাড়া খেলা শেষ হওয়ার আগেই মাঠ ত্যাগ করে, তবে তাদের পরাজিত দল হিসেবে গণ্য করা হবে।
শিরোপা লড়াইয়ে যোগ করা ৮ মিনিট সময়ের ৩ মিনিট বাকি থাকতে কর্নার পায় মরক্কো। সেখানে দূরের পোস্টে ফাউলের শিকার হন দলটির রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ব্রাহিম দিয়াস। ভিএআরে কথা বলে মনিটরে দেখে সম্ভাব্য পেনাল্টি যাচাইয়ের সিদ্ধান্ত নেন রেফারি।
সে সময় সাইডলাইনে তাকে ঘিরে ধরে সবাই। এর মাঝেই যাচাই শেষে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। কঙ্গোর এই রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে নিজ খেলোয়াড়দের মাঠ ছাড়ার নির্দেশ দেন সেনেগাল কোচ।
পরে তারা মাঠে ফিরলেও পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন দিয়াস। অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে সেনেগালের তখনকার জয়সূচক গোলটি করেন পাপা গেয়ি।
সেনেগাল ফুটবল ফেডারেশন এই সিদ্ধান্তকে প্রহসন হিসেবে অভিহিত করেছে। বিষয়টি নিয়ে তারা সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক ক্রীড়া আদালত বা কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টে (সিএএস) নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে সংস্থাটির সাধারণ সম্পাদক আবদুলায়ে সেদু সো বলেন, “এই সিদ্ধান্ত সম্পূর্ণ ভিত্তিহীন এবং এর কোনো আইনি ভিত্তি নেই। আজ সকালে যখন শুনানি শুরু হয় তখন আমরা দেখেছি বিচারক এখানে বিচার করতে আসেননি, বরং তিনি আদেশ পালন করতে এসেছিলেন।”
এই সিদ্ধান্তের ফলে ৫০ বছর পর দ্বিতীয়বারের মতো আফ্রিকার সেরা হওয়ার গৌরব অর্জন করল মরক্কো। দেশটির ফুটবল ফেডারেশন সিএএফের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছে, তারা শুধু প্রতিযোগিতার নিয়মকানুন যথাযথভাবে প্রয়োগের জন্যই এই আপিল করেছিল।
তবে খেলোয়াড় ও কর্মকর্তাদের ভিএআর প্রক্রিয়ায় হস্তক্ষেপ করার চেষ্টার অভিযোগে মরক্কোকে করা ১ লাখ ডলার জরিমানা বহাল রাখা হয়েছে।















মন্তব্য করুন: