বিশ্বকাপের ধারাভাষ্যে বাংলাদেশের আতহারও
৬ ফেব্রুয়ারি ২০২৬
টি-টুয়েন্টি বিশ্বকাপে দুই আম্পায়ারের পর এবার থাকছেন বাংলাদেশের আরও এক প্রতিনিধি। লিটন দাসের দল না থাকলেও ধারাভাষ্য কক্ষে থাকছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার আতহার আলী খান।
শনিবার শ্রীলঙ্কা ও ভারতে শুরু হতে যাওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের জন্য শুক্রবার ৪০ সদস্যের ধারাভাষ্য প্যানেলের নাম ঘোষণা করে আইসিসি। বরাবরের ন্যায় সেখানে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে আছেন আতহার।
৬৩ বছর বয়সী আতহার আন্তর্জাতিক ক্রিকেটে ধারাভাষ্য দিচ্ছেন দুই যুগের বেশি সময় ধরে। বাংলাদেশের বিভিন্ন সিরিজ ছাড়াও আইসিসি আসরগুলোয় নিয়মিত ধারাভাষ্য দিয়ে থাকেন তিনি। তবে এবারের আসরে তার উপস্থিতি উল্লেখযোগ্য কারণ নিরাপত্তা শঙ্কায় ভারতে খেলতে যেতে রাজি না হওয়ায় বিশ্বকাপে দল পাঠায়নি বাংলাদেশ।
এর আগে এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও আন্তর্জাতিক প্যানেলের গাজী সোহেলের বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করার বিষয়টি আগেই নিশ্চিত করেছিল আইসিসি।
ধারাভাষ্যকারের তালিকায় পরিচিত ও জনপ্রিয় নামগুলোর পাশাপাশি আছে কিছু চমকপ্রদ নামও। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস ও টেম্বা বাভুমা। গত বছর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান শ্রীলঙ্কার অলরাউন্ডার ম্যাথিউস। তবে এখনও পুরোদমে আন্তর্জাতিক ক্রিকেটে খেলছেন দক্ষিণ আফ্রিকার টেস্ট ও ওয়ানডে অধিনায়ক বাভুমা।
২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপের ধারাভাষ্য প্যানেল:
রবি শাস্ত্রী, নাসের হুসেইন, ইয়ান স্মিথ, ইয়ান বিশপ, অ্যারন ফিঞ্চ, দিনেশ কার্তিক, কুমার সাঙ্গাকারা, স্যামুয়েল বাদ্রি, রবিন উথাপ্পা, কার্লোস ব্র্যাথওয়েট, ওয়েন মরগ্যান, ওয়াসিম আকরাম, সুনীল গাভাস্কার, ম্যাথিউ হেইডেন, রামিজ রাজা, ডেল স্টেইন, মাইকেল অ্যাথারটন, ওয়াকার ইউনিস, সাইমন ডুল, শন পোলক, কেসি মার্টিন, হার্শা ভোগলে, মপুমেলেলো এমবাংওয়া, ন্যাটালি জার্মানোস, ড্যানি মরিসন, অ্যালান উইলকিন্স, ইয়ান ওয়ার্ড, মার্ক হাওয়ার্ড, নিক নাইট, আতহার আলী খান, ক্যাস নাইডু, বাজিদ খান, রাওনাক কাপুর, নেইল ও’ব্রায়েন, প্রেস্টন মমসেন, অ্যান্ড্রু লেনার্ড, রাসেল আর্নল্ড, রোশান আবেসিংহে, অ্যাঞ্জেলো ম্যাথিউস ও টেম্বা বাভুমা।















মন্তব্য করুন: