টাকারের ৯৪ রানে ওমানকে গুঁড়িয়ে আয়ারল্যান্ডের বড়ো জয়
১৪ ফেব্রুয়ারি ২০২৬
এবারের টি–টুয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ স্কোর গড়ে ওমানকে বড়ো ব্যবধানে হারিয়েছে আয়ারল্যান্ড। এই জয়ে গ্রুপ ‘সি’ থেকে তাদের সুপার এইটে ওঠার আশা অন্তত গাণিতিকভাবে টিকে থাকল দলটির।
চোট পাওয়া পল স্টার্লিংয়ের বদলে অধিনায়কত্ব করা লরকান টাকারের অপরাজিত ৯৪ রানের দারুণ ইনিংসে আয়ারল্যান্ড তোলে ৫ উইকেটে ২৩৫ রান। জবাবে দুই ওভার বাকি থাকতেই ১৩৯ রানে অলআউট হয় ওমান।
টুর্নামেন্টে প্রথম খেলতে নেমে পাওয়ারপ্লেতে তিন উইকেট নিয়ে আয়ারল্যান্ডকে চাপে ফেলেন বাঁহাতি স্পিনার শাকিল আহমেদ। পাঁচ ওভারে ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে আয়ারল্যান্ড।
অষ্টম ওভারে কার্টিস ক্যাম্ফারকে আউট করে আয়ারল্যান্ডকে আরও চাপে ফেলেন কালিম। দুই বল পর টাকারকে স্টাম্পিংয়ের সুযোগ নষ্ট করেন উইকেটরক্ষক বিনায়ক শুক্লা, তখন তার রান ছিল ১৮। ওই সুযোগ কাজে লাগিয়ে ইনিংস বড়ো করেন টাকার।
শেষ ১০ ওভারেই আয়ারল্যান্ড তোলে ১৫৬ রান, শেষ পাঁচ ওভারে ৯৩। ২৮ বলে ফিফটি পূর্ণ করেন গ্যারেথ ডেলানি আউট হন ৫৬ রানে। তবে জর্জ ডকরেলের ৯ বলে অপরাজিত ৩৫ রানের ইনিংসে বিশাল স্কোর পেয়ে যায় আইরিশরা। শেষ তিন ওভারেই টাকার ও ডকরেল মারেন আটটি ছক্কা।
ওমান দ্রুত ২ উইকেট হারালেও ৪৪ বছর বয়সি আমির কালিম ২৯ বলে ৫০ রানের ঝড়ো ইনিংস খেলে পুরুষদের টি–টুয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বয়সে ফিফটি করার রেকর্ড গড়েন।
নিয়মিত উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে ওমান। শেষ পর্যন্ত ৯৬ রানের বড়ো ব্যবধানে হারে তারা।
আয়ারল্যান্ড ৫ উইকেটে ২৩৫ (টাকার ৯৪*, ডেলানি ৫৬, শাকিল ৩–৩৩) ওমান ১৩৯ (কালিম ৫০, মির্জা ৪৬, লিটল ৩–১৬); আয়ারল্যান্ড ৯৬ রানে জয়ী















মন্তব্য করুন: