ভারত ম্যাচে হ্যান্ডশেক হওয়া নিয়ে অনিশ্চয়তায় পাকিস্তান অধিনায়ক

১৪ ফেব্রুয়ারি ২০২৬

ভারত ম্যাচে হ্যান্ডশেক হওয়া নিয়ে অনিশ্চয়তায় পাকিস্তান অধিনায়ক

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচের আগে প্রচলিত হ্যান্ডশেক হবে কি না তা নিয়ে তিনি নিশ্চিত নন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা।

গত বছরের এশিয়া কাপ ফাইনালের পর আগামী রোববার এই প্রথম মুখোমুখি হচ্ছে দুই দল।  দুবাইয়ে ২৮ সেপ্টেম্বরের ওই ম্যাচের আগে বা পরে ভারতীয় ক্রিকেটাররা প্রতিপক্ষের সঙ্গে হাত মেলায়নি।

শনিবার কলম্বোয় সাংবাদিকদের আগা বলেন, আগামীকালই জানা যাবে (হ্যান্ডশেক হয় কি না)।

নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতে খেলতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ পাকিস্তান প্রথমে ম্যাচটি বয়কটের হুমকি দিয়েছিল। তবে পরে তারা সেই সিদ্ধান্ত থেকে সরে আসে।

পাকিস্তান অধিনায়ক বলেন, আমি আশা করি ম্যাচটি সেই স্পিরিটেই হবে, যেভাবে শুরু থেকেই হয়ে আসছে।

পাকিস্তানের বয়কটের হুমকিতে ক্রিকেটের সবচেয়ে লাভজনক ম্যাচগুলোর একটি অনিশ্চয়তায় পড়ে যায়। সম্প্রচারকারীরা আশঙ্কা করেছিল বিজ্ঞাপন থেকে কোটি কোটি ডলারের ক্ষতি হতে পারে। ম্যাচটি নির্ধারিত সূচি অনুযায়ী আয়োজন নিশ্চিত করতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) একাধিক দফা আলোচনা করে এবং শেষ পর্যন্ত সমঝোতায় পৌঁছায়।

আগা বলেন, আমাদের দিক থেকে, টুর্নামেন্টে আসার আগে আমরা সব সম্ভাব্য পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলাম।

ভারতপাকিস্তান ম্যাচের গুরুত্ব অনেক বড়ো আগামীকালের ম্যাচও তার ব্যতিক্রম নয়।

আপনি যখন দলের অধিনায়ক হন এবং নিজের দেশের প্রতিনিধিত্ব করেন, তখন এটি বাড়তি দায়িত্ব। এই দায়িত্ব থেকে পালানো যায় না। দেশের প্রতিনিধিত্ব করা এবং অধিনায়কত্ব করার সময় চাপ থাকবেই। সেই চাপ সামলানোর উপায় খুঁজে নিতে হবে।

রোববার বৃষ্টির সম্ভাবনা থাকা নিয়ে পাকিস্তান অধিনায়ক বলেন, আমরা সেটা নিয়ন্ত্রণ করতে পারি না, তবে ম্যাচ সংক্ষিপ্ত হলে প্রয়োজন অনুযায়ী মানিয়ে নিতে আমরা প্রস্তুত।

টুর্নামেন্টে দুই দলই নিজেদের প্রথম দুই ম্যাচে জয় পেয়েছে।

মন্তব্য করুন: