ওভারে ৫ উইকেট নিয়ে ইন্দোনেশিয়ার ক্রিকেটারের বিশ্বরেকর্ড

২৩ ডিসেম্বর ২০২৫

ওভারে ৫ উইকেট নিয়ে ইন্দোনেশিয়ার ক্রিকেটারের বিশ্বরেকর্ড

বিশ্বের প্রথম বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে এক ওভারে ৫ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন ইন্দোনেশিয়ার গেদে প্রিয়ানদানা। আন্তর্জাতিক ক্রিকেটেও প্রথমবারের মতো এই ঘটনা ঘটেছে। কম্বোডিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে এই কীর্তি গড়েন তিনি।

মঙ্গলবার বালিতে অনুষ্ঠিত ম্যাচে কম্বোডিয়া ইনিংসের ১৬তম ওভারে ৫ উইকেট নেন প্রিয়ানদানা। ইন্দোনেশিয়ার দেওয়া ১৬৮ রানের লক্ষ্যে তখন ৫ উইকেটে ১০৬ রানে ব্যাট করছিল কম্বোডিয়া।

ডানহাতি পেসে ওভারের প্রথম ৩ বলে ৩ উইকেট নিয়ে হ্যাটট্রিক করেন প্রিয়ানদানা। পরের বলটি হয় ডট। শেষ ২ বলে বাকি ২ উইকেট নিয়ে কম্বোডিয়ার ইনিংস গুটিয়ে দেওয়ার মাঝে একটি ওয়াইড দেন তিনি। ইন্দোনেশিয়া ম্যাচ জেতে ৬০ রানে।

প্রিয়ানদানার আগে ছেলেদের টি-টুয়েন্টিতে এক ওভারে ৫ উইকেট নেওয়ার ঘটনা ঘটেছিল দুই বার। প্রথমবার এই কীর্তি গড়েছিলেন বাংলাদেশের পেসার আল আমিন হোসেন, ২০১৩ সালে বিজয় দিবস টি-টুয়েন্টি কাপে বিসিবি একাদশের হয়ে আবাহনীর বিপক্ষে। এরপর ২০১৯-২০ মৌসুমে ভারতের সৈয়দ মুশতাক আলী ট্রফির সেমি-ফাইনালে কর্ণাটকের অভিমন্যু মিথুন এক ওভারে হারিয়ানার পাঁচ ব্যাটারকে ফিরিয়েছিলেন।

প্রিয়ানদানার আগে আন্তর্জাতিক ক্রিকেটে এক ওভারে ৪ উইকেট নেওয়ার ঘটনা ঘটেছে মোট ১৪ বার। এর মধ্যে শ্রীলঙ্কার পেসার লাসিথ মালিঙ্গা ২০১৯ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টুয়েন্টির তৃতীয় ওভারে টানা ৪ বলে ৪ উইকেট নিয়েছিলেন।

মন্তব্য করুন: