পরের লক্ষ্য অলিম্পিক সোনা: সূর্যকুমার

পরের লক্ষ্য অলিম্পিক সোনা: সূর্যকুমার

ভারতকে তৃতীয় টি–টুয়েন্টি বিশ্বকাপ শিরোপা জেতানোর পর, এখন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হতে যাওয়া ২০২৮ সালের অলিম্পিকের স্বর্ণপদক জয়ের লক্ষ্য স্থির করেছেন অধিনায়ক সূর্যকুমার যাদব।

আহমেদাবাদে ফাইনালের পর সংবাদ সম্মেলনে সূর্যকুমার বলেন, “গত এক মাসের যাত্রাটা অসাধারণ ছিল। শুরুটা আমরা যেমন চেয়েছিলাম তেমন হয়নি, কিন্তু খেলাধুলায় এমনটা হয়ই। পুরো যাত্রাটা খুব বিশেষ ছিল এবং দল হিসেবে আমরা যা অর্জন করেছি, তা সবার সামনে — এই ট্রফি। এতে আমি খুব খুশি। পরের লক্ষ্য অলিম্পিকের সোনা।”

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) ক্রিকেটকে আবার অলিম্পিকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়ার পর, ২০২৮ সালে পুরুষ ও নারী বিভাগে ছয়টি করে দল পদকের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে। ১৯০০ সালের প্যারিস অলিম্পিকের পর এই প্রথমবার ক্রিকেট অলিম্পিকে ফিরছে।

বর্তমান আইসিসি টি–টুয়েন্টি র‌্যাঙ্কিং অনুযায়ী পুরুষ ও নারী উভয় বিভাগেই এশিয়া থেকে ভারতের যোগ্যতা অর্জনের সম্ভাবনা রয়েছে। সব ম্যাচ হবে লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরের পোমোনা শহরের ফেয়ারগ্রাউন্ডস স্টেডিয়ামে, যা এই আসরের জন্য বিশেষভাবে তৈরি অস্থায়ী ভেন্যু।

বর্তমানে পুরুষদের চ্যাম্পিয়ন্স ট্রফি ও টি–টুয়েন্টি বিশ্বকাপ—দুই শিরোপারই চ্যাম্পিয়ন ভারত। সূর্যকুমার মনে করেন, ২০২৪ টি–টুয়েন্টি বিশ্বকাপে রোহিত শর্মার অধীনে জয়ের পর থেকেই দলের মোড় ঘুরে যায়।

“২০২৪ সালের পর সবকিছু বদলে গেছে। আমরা ভিন্ন ধরনের ক্রিকেট খেলতে শুরু করেছি এবং সেখান থেকেই বুঝেছি এই দলকে কীভাবে এগোতে হবে। তারপর থেকে যাত্রাটা অসাধারণ।”
“২০২৫ সালে আমরা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছি, ভিন্ন ধরনের ক্রিকেট খেলেছি আর ২০২৬ সালে ঘরের মাঠে বিশেষ কিছু করতে চেয়েছিলাম। এখন আমরা চাই ২০২৭, ২০২৮, ২০২৯ — প্রতিটি বছরই এভাবে এগিয়ে যেতে এবং কখনো থেমে না যেতে।”

মন্তব্য করুন: