পাওয়ারপ্লেতেই বিশ্বকাপ ফাইনাল হেরেছে নিউ জিল্যান্ড: স্যান্টনার

পাওয়ারপ্লেতেই বিশ্বকাপ ফাইনাল হেরেছে নিউ জিল্যান্ড: স্যান্টনার

টি–টুয়েন্টি বিশ্বকাপ ফাইনালে দুই পাওয়ারপ্লেতেই খারাপ পারফরম্যান্সের মূল্য দিতে হয়েছে নিউ জিল্যান্ডকে, বলেছেন অধিনায়ক মিচেল স্যান্টনার।.
আহমেদাবাদে রোববার ভারতের কাছে ৯৬ রানে হেরে আবারও শিরোপাবঞ্চিত রইল নিউ জিল্যান্ড। এতে সীমিত ওভারের ক্রিকেটে তাদের প্রথম বিশ্বকাপ জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো।
স্যান্টনার সাংবাদিকদের বলেন, “আজ রাতেও তারা তাদের ব্যাটিংয়ের সামর্থ্য দেখিয়েছে।”
“আজকের ম্যাচের গল্পটা আসলে দুই পাওয়ারপ্লের। আমরা তিন উইকেটে চল্লিশের কিছু বেশি, আর তারা কোনো উইকেট না হারিয়ে নব্বইয়ের কাছাকাছি।”
প্রথমে ব্যাট করে ভারতের ওপেনার সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা ঝড়ো শুরু এনে দেন। ছয় ওভারের পাওয়ারপ্লেতে তারা তোলেন ৯২ রান।
অন্যদিকে নিউ জিল্যান্ডের টপ অর্ডার ছয় ওভারের মধ্যেই ৫২ রানে ৩ উইকেট হারায়। ফলে রান তাড়া করার লড়াই শুরুতেই কঠিন হয়ে যায়।
স্যান্টনার বলেন, “আমরা সবাই জানি আজ আমরা সেরা খেলাটা খেলতে পারিনি। আর ফাইনালে যদি খুব ভালো একটা দলের বিপক্ষে নিজের সেরা খেলাটা না খেলেন, তাহলে দুর্বলতা ধরা পড়ে।”
মাঝের ওভারগুলোতে ইয়র্কার ও শর্ট বল ব্যবহার করে নিউ জিল্যান্ড কিছু সময়ের জন্য রান আটকে রাখতে পেরেছিল বলে মনে করেন তিনি।
১৬তম ওভারে জেমস নিশাম তিনটি উইকেট নিলেও ততক্ষণে বড়ো ক্ষতি হয়ে গিয়েছিল।
“ইয়র্কার বা বাউন্সার আরও সাহস নিয়ে করা উচিত ছিল কি না, তা বলা কঠিন। আমরা অনেক কাটার ব্যবহার করেছি, কিন্তু উইকেট থেকে তেমন সাহায্য পাইনি।”
ব্যাটিংয়ের ক্ষেত্রেও প্রথম ছয় ওভার টিকে থাকা এবং পরে আক্রমণ বাড়ানোর পরিকল্পনা ছিল বলে জানান স্যান্টনার, যা সফল হয়নি।
“পাওয়ারপ্লেতে রান তাড়া করে ম্যাচ জেতা যায় না, কিন্তু হেরে যাওয়া যায়।”
“আমরা যদি শুরুতেই কয়েকটি উইকেট নিতে পারতাম এবং মাঝের ওভারগুলোতে চাপ ধরে রাখতে পারতাম, তাহলে হয়ত ২২০ রানে আটকানো সম্ভব ছিল। লক্ষ্য ২৫০ হলে অনেক কিছুই আপনার পক্ষে যেতে হয়।”
নিজেদের মাঠে বিপুল দর্শকের সামনে ভারতের ওপর থাকা চাপের কথাও স্বীকার করে স্যান্টনার স্বাগতিকদের পারফরম্যান্সের প্রশংসা করেন।
“এত মানুষের সামনে ভারতের ওপর অবশ্যই অনেক চাপ ছিল, কিন্তু তারা অসাধারণভাবে সেটা সামলে নিয়েছে।”
 

মন্তব্য করুন: