মার্শের চোটে বিকল্প হিসেবে ডাকা হলো স্মিথকে

১১ ফেব্রুয়ারি ২০২৬

মার্শের চোটে বিকল্প হিসেবে ডাকা হলো স্মিথকে

অধিনায়ক মিচেল মার্শ চোটে পড়ায় অস্ট্রেলিয়ার টিটুয়েন্টি বিশ্বকাপ দলে বিকল্প হিসেবে ডাকা হয়েছে স্টিভেন স্মিথকে।

বুধবার আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ থেকে ছিটকে গেছেন মার্শ। অনুশীলনের সময় কুঁচকিতে আঘাত পান তিনি, যার ফলে অণ্ডকোষে রক্তক্ষরণ হয়েছে।

মঙ্গলবার নির্ধারিত সূচি অনুযায়ী ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলন করেছিলেন মার্শ। তবে কলম্বোয় টসের মাত্র ১৫ মিনিট আগে তার না খেলার খবর প্রকাশ্যে আসে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার এক বিবৃতিতে বলা হয়, সে (মার্শ) এখনও ব্যথা ও অস্বস্তিতে ভুগছে, যা তার চলাফেরায় বাধা দিচ্ছে। স্ক্যানে অণ্ডকোষে অভ্যন্তরীণ রক্তক্ষরণ ধরা পড়েছে এবং তাকে কিছুদিন বিশ্রাম ও পুনর্বাসনে থাকতে হবে। উপসর্গের উন্নতি ও চিকিৎসা পরামর্শ অনুযায়ী তার মাঠে ফেরার সিদ্ধান্ত নেওয়া হবে।

স্ট্যান্ডবাই খেলোয়াড় স্টিভেন স্মিথ বিকল্প হিসেবে প্রয়োজন হলে মানিয়ে নেওয়া ও প্রস্তুতির জন্য শ্রীলঙ্কায় যাবে।

মার্শের অনুপস্থিতিতে কার্যত উদ্বোধনী ম্যাচে অস্ট্রেলিয়ার হাতে থাকছে মাত্র ১২ জন খেলোয়াড়। জশ হ্যাজলউডের বদলি এখনো আনুষ্ঠানিকভাবে দলে যুক্ত হয়নি। আর হ্যামস্ট্রিং চোটের কারণে টিম ডেভিডকে জিম্বাবুয়ের বিপক্ষে শুক্রবারের ম্যাচের আগ পর্যন্ত বিশ্রামে রাখা হয়েছে। শন অ্যাবট সফরে থাকলেও এখনো অফিসিয়াল স্কোয়াডের অংশ নন।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে সর্বশেষ আন্তর্জাতিক টিটুয়েন্টি খেলেছিলেন স্মিথ। তবে, সাম্প্রতিক বিগ ব্যাশ লিগে সিডনি সিক্সার্সের হয়ে ছয় ইনিংসে ৫৯.৮০ গড়ে ও ১৬৭.৯৭ স্ট্রাইক রেটে ২৯৯ রান করে বিশ্বকাপ দলে ফেরার জোরালো দাবি তুলেছিলেন তিনি।

এই টুর্নামেন্টের প্রস্তুতিতে অস্ট্রেলিয়া একাধিক চোটের ধাক্কা খায়। জশ হ্যাজলউড ও প্যাট কামিন্স দুজনই প্রাথমিক স্কোয়াড থেকে ছিটকে যান।

মন্তব্য করুন: