ওমানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার ২য় জয়

১২ ফেব্রুয়ারি ২০২৬

ওমানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার ২য় জয়

কুশল মেন্ডিস, পবন রত্নায়েকে ও দাসুন শানাকার ফিফটিতে বড়ো সংগ্রহ গড়ে ওমানকে গুঁড়িয়ে দিয়ে টি–টুয়েন্টি বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা।
পাল্লেকেলেতে বৃহস্পতিবার ১০৫ রানে জেতে ২০১৪ সালের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা।
প্রথমে ব্যাট করতে নেমে মেন্ডিস (৪৫ বলে ৬১) ও রত্নায়েকে (২৮ বলে ৬০) তৃতীয় উইকেটে ৯৪ রানের জুটি গড়েন। এরপর অধিনায়ক শানাকা ঝড় তুলে ২০ বলে ৫০ রান করেন। শ্রীলঙ্কা ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২২৫ রান তোলে।
শানাকার ইনিংসে ছিল পাঁচটি বিশাল ছক্কা ও দুটি চার। তিন বছর আগে পুনেতে ভারতের বিপক্ষে করা নিজের ২০ বলে ফিফটির শ্রীলঙ্কান রেকর্ডও ছাড়িয়ে যান তিনি এবার ১৯ বলে। তবে মাইলফলক ছোঁয়ার পরই ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এরপর কামিন্দু দুই ছক্কায় ৭ বলে ১৯ রান করে দলকে আরও বড় সংগ্রহে পৌঁছে দেন।
হ্যামস্ট্রিং চোটে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়া প্রধান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে ছাড়াই খেলতে নামলেও, নিয়মিত উইকেট নিয়ে ওমানকে কখনোই থিতু হতে দেয়নি শ্রীলঙ্কা। ২০ ওভারে ৯ উইকেটে ১২০ রান তুলতে পারে ওমান।
ওমানের হয়ে মোহাম্মদ নাদিম অপরাজিত ৫৩ রান করেন। জিম্বাবুয়ের কাছে হারের পর এটি তাদের দ্বিতীয় পরাজয়।
দুশমন্ত চামিরা (২–১৯) ও মহীশ তিকশানা (২–১১) উইকেট নেওয়ার পাশাপাশি রান আটকে রাখেন। তবে হাসারাঙ্গার বদলি দুশান হেমন্ত নেন ৪ ওভারে ১ উইকেট নিতে দিয়ে দেন ৪৫ রান।
‘বি’ গ্রুপের শীর্ষে থাকা শ্রীলঙ্কা একই ভেন্যুতে সোমবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে।
 

মন্তব্য করুন: