বাংলাদেশের সমর্থনে ভারত ম্যাচ বয়কট: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৫ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশের সমর্থনে ভারত ম্যাচ বয়কট: পাকিস্তানের প্রধানমন্ত্রী

ক্রিকেটের মাঠে রাজনীতি ঢুকে পড়েছে অভিযোগ তুলে আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে গ্রুপপর্বের ম্যাচ বয়কটের সিদ্ধান্তে অটল থাকার কথা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বিষয়ে বাংলাদেশের পাশে থাকার কথাও জানিয়েছেন তিনি।

গত রোববার পাকিস্তান সরকার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানায়, আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে মাঠে নামবে না পাকিস্তান দল। তবে ওই সময় এই সিদ্ধান্তের পেছনে নির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি।

এই সিদ্ধান্ত নেওয়ার পর বুধবার প্রথমবারের মতো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কিংবা দেশটির সরকারের উচ্চ পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি এই বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন।

পাকিস্তানের মন্ত্রিসভার সদস্যদের শাহবাজ শরিফ বলেন, “টি-টুয়েন্টি বিশ্বকাপ নিয়ে আমরা খুব স্পষ্ট অবস্থান নিয়েছি যে, ভারতের বিপক্ষে ম্যাচ আমরা খেলব না। কারণ ক্রীড়াক্ষেত্রে কোনো রাজনীতি থাকা উচিত নয়। আমরা খুব ভেবেচিন্তে অবস্থান নিয়েছি এবং আমাদের সম্পূর্ণরূপে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত। আমি মনে করি এটি একটি খুব উপযুক্ত সিদ্ধান্ত। আমরা বাংলাদেশের সঙ্গে আছি।

বাংলাদেশ নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে খেলতে অস্বীকৃতি জানানোয় গত ২৪ জানুয়ারি তাদের টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার পর থেকেই বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। বিকল্প ভেন্যুর দাবিতে বাংলাদেশকে প্রকাশ্যে সমর্থন দেওয়া একমাত্র দেশ ছিল পাকিস্তান। সে সময় আইসিসির দ্বিমুখী আচরণের সমালোচনা করে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছিলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বকাপে খেলবে পাকিস্তান। এরপর ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার ঘোষণা দেয় দেশটির সরকার। তবে এই বিষয়ে আইসিসিকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পিসিবি।

ম্যাচ বয়কটের ঘোষণার পর এক বিবৃতিতে আইসিসি জানায়, এর প্রভাব বিশ্ব ক্রিকেট ব্যবস্থার ওপরই প্রভাব পড়বে। পাকিস্তানকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বানও জানায় তারা।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add