স্মিথকে না খেলানোয় ক্ষুব্ধ মার্ক ওয়াহ
১৭ ফেব্রুয়ারি ২০২৬
শ্রীলঙ্কার বিপক্ষে সোমবারের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে স্টিভেন স্মিথকে আনুষ্ঠানিকভাবে অস্ট্রেলিয়ার টি–টুয়েন্টি বিশ্বকাপ দলে নেওয়া হলেও একাদশে জায়গা হয়নি তার। টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির সাবেক ব্যাটিং তারকা মার্ক ওয়াহ।
স্বাগতিকদের বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে গ্রুপপর্ব থেকেই বিদায়ের মুখে পড়েছে অস্ট্রেলিয়া। আর ১০৪ রানের উদ্বোধনী জুটির পর ভয়াবহ ব্যাটিং ধসে ৭৭ রানে ১০ উইকেট হারানোর সময় সাইডলাইনে বসেই ম্যাচ দেখেন স্মিথ।
অধিনায়ক মিচেল মার্শ নেটে অনুশীলনের সময় অণ্ডকোষে চোট পাওয়ায় প্রথম দুই ম্যাচ খেলতে পারেননি। তখন স্মিথকে শ্রীলঙ্কায় নেওয়া হয়েছিল বিকল্প হিসেবে। মার্শ ফিরে এসে ট্র্যাভিস হেডের সঙ্গে ওপেনিং করায় স্মিথের একাদশে জায়গা হয়নি।
তবে অনেক অস্ট্রেলীয় সমর্থক আশা করেছিলেন, ফর্মে না থাকা ক্যামেরন গ্রিন বা গ্লেন ম্যাক্সওয়েলের জায়গায় দেশটির অন্যতম সেরা স্পিন খেলোয়াড় স্মিথকে দলে নেওয়া হবে।
স্মিথকে একাদশে না খেলানোয় ক্ষোভ প্রকাশ করে মঙ্গলবার এসইএনকিউ ব্রেকফাস্ট অনুষ্ঠানে ওয়াহ বলেন, “আমার মনে হয় তারা নির্বাচনে পুরোপুরি ভুল করেছে। স্টিভেন স্মিথের মতো সেরা খেলোয়াড়কে সাইডলাইনে বসিয়ে রাখা তার প্রতি অপমান।”
“আমার মনে হয় শুরু থেকেই খেলোয়াড় নির্বাচন ও চোট সমস্যার কারণে বিশ্বকাপ অভিযান ব্যর্থ হওয়ার পথে ছিল। প্রস্তুতিও ভালো হয়নি। আমরা তুলনামূলক দুর্বল গ্রুপে থাকলেও যা হওয়ার ছিল, সেটাই হয়েছে।”
“সবাইকে খুশি করা যায় না, কঠিন সিদ্ধান্ত নিতেই হয়। কিন্তু শুরুতে স্মিথকে দলে না নেওয়াটা সাম্প্রতিক সময়ের সবচেয়ে বিস্ময়কর সিদ্ধান্তগুলোর একটি।”
“বিগ ব্যাশে সে অন্য সবার চেয়ে অনেক ভালো ছিল। সে দারুণ ফিল্ডার এবং স্পিনের বিপক্ষে অসাধারণ ব্যাটার। তাকে সবার আগে দলে নেওয়া উচিত ছিল।”
জিম্বাবুয়ের বিপক্ষে ৬৫ রান করা ম্যাট রেনশকেই বাদ দেওয়া হয় মার্শের জায়গা করে দিতে। তাকেও একাদশে দেখতে চেয়েছিলেন ওয়াহ।
“তারপর দেখলেন ম্যাট রেনশ, যে কয়েকজন ফর্মে থাকা খেলোয়াড়ের একজন, তাকেও বড় ম্যাচে বাদ দেওয়া হয়েছে।”
“টি–টুয়েন্টি ক্রিকেটে ফর্ম খুঁজে পাওয়া সবচেয়ে কঠিন। তাই ফর্মে থাকা খেলোয়াড়দেরই বেছে নিতে হবে, কারণ ব্যাটারদের আত্মবিশ্বাস গড়ে তোলার সময় থাকে না।”















মন্তব্য করুন: