অ্যাশেজে টিকে থাকার ম্যাচে ইংল্যান্ড একাদশে ১ পরিবর্তন
১৫ ডিসেম্বর ২০২৫
অ্যাশেজ সিরিজের টিকে থাকার লড়াইয়েও ইংল্যান্ড একাদশে জায়গা হলো না দলের প্রধান স্পিনার শোয়েব বশিরের। আগামী বুধবার অ্যাডিলেইড শুরু হতে যাওয়া সিরিজের তৃতীয় টেস্টের একদশে পেসার গাস অ্যাটকিনসনের বদলে জায়গা পেয়েছেন আরেক পেসার জশ টাং।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ শুরুর দুই দিন আগে সোমবার ঘোষণা করা একাদশে কেবল একটি পরিবর্তনই এনেছে সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে থাকা ইংল্যান্ড।
অ্যাডিলেইড ওভালে অনুষ্ঠিত হতে যাওয়া তৃতীয় টেস্টের পিচকে ধরা হচ্ছে সিরিজের সবচেয়ে স্পিন সহায়ক উইকেট। তবে এখানেও বশিরের বদলে উইল জ্যাকসের ওপরেই আস্থা রাখছে ইংলিশরা।
সিরিজের প্রথম দুই ম্যাচে খেলা অ্যাটকিনসনের বোলিং গড় ইংলিশ বোলারদের মধ্যে সবচেয়ে বাজে, ৭৮ দশমিক ৬৬। এছাড়া ৫৪ ওভার বোলিং করে ডানহাতি এই পেসার নিয়েছেন তিন উইকেট, যার প্রথমটি আসে সিরিজে তার করা ৪১তম ওভারে।
তার বদলে একাদশে জায়গা পাওয়া টাং ২০২৩ সালে ঘরের মাঠে অভিষেকের পর এখন পর্যন্ত ছয় টেস্ট খেলেছেন। ৩০ গড়ে ডানহাতি এই পেসারের শিকার ৩১ উইকেট।
সফরে ইংল্যান্ডের প্রধান স্পিনার হিসেবে আসা বশির এখন পর্যন্ত এক ম্যাচেও খেলার সুযোগ পাননি। দুই দিনে শেষ হওয়া পার্থ টেস্টে কেবল পেসারদের দিয়ে বোলিং আক্রমণ সাজিয়েছিল সফরকারীরা। আর দিবা-রাত্রির ব্রিসবেন টেস্টে ব্যাটিংয়ে শক্তি বাড়াতে একাদশে জায়গা পান স্পিন-অলরাউন্ডার উইল জ্যাকস। ম্যাচে ১১.৩ ওভার বোলিং করে ৩৪ রানে ১ উইকেট নিয়েছিলেন এই অফস্পিনার।
গত দুই বছরে ইংল্যান্ডের হয়ে ১৯ টেস্ট খেলা বশির ৬৮ উইকেট নিয়েছেন।
সিরিজ হার এড়াতে চাইলে অ্যাডিলেইডে কমপক্ষে ড্র করতে হবে ২০১১ সালের জানুয়ারির পর থেকে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিততে না পারা ইংল্যান্ডকে। আর ২০১৫ সালের পর অ্যাশেজ জয়ের আশা টিকিয়ে রাখতে হলে জয়ের কোনো বিকল্প নেই তাদের। সে বছর ঘরের মাঠে সবশেষ অ্যাশেজ জিতেছিল দলটি।
তৃতীয় টেস্টে ইংল্যান্ড একাদশ:
জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেইমি স্মিথ (উইকেটরক্ষক), উইল জ্যাকস, ব্রাইডন কার্স, জোফরা আর্চার, জশ টাং।















মন্তব্য করুন: