নামিবিয়াকে গুঁড়িয়ে সুপার এইটে পাকিস্তান

১৮ ফেব্রুয়ারি ২০২৬

নামিবিয়াকে গুঁড়িয়ে সুপার এইটে পাকিস্তান

সুপার এইটে উঠতে নামিবিয়ার বিপক্ষে জয়ের কোনো বিকল্প ছিল না পাকিস্তানের। টিকে থাকার লড়াইয়ে সাহিবজাদা ফারহানের সেঞ্চুরিতে দুইশ ছোঁয়া লক্ষ্য দিয়ে সে পথ সহজ করে রেখেছিল তারা। এরপর স্পিনারদের নৈপুণ্যে ১০২ রানের জয়ে শেষ দল হিসেবে সুপার এইট নিশ্চিত করেছে সালমান আলী আগার দল।

বুধবার কলম্বোর সিংহলিজ ক্রিকেট ক্লাব মাঠে টস জিতে ব্যাটিংয়ে ৩ উইকেটে ১৯৯ রানের সংগ্রহ পায় পাকিস্তান। জবাবে ১৫ বল আগে ৯৭ রানে গুটিয়ে যায় নামিবিয়া।

ক্যারিয়ারের প্রথম শতক হাঁকানো ফারহান অপরাজিত থাকেন ১০০ রানে। ডানহাতি এই ওপেনার তার ম্যাচসেরার পুরস্কার পাওয়া ৫৮ বলের ইনিংসটি সাজান ১১ চার ও ৪ ছক্কায়।

গ্রুপ থেকে তাদের সঙ্গী হিসেবে সুপার এইট আগেই নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত।

চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে গত ম্যাচে বাজেভাবে হারায় নেট রানরেটে পিছিয়ে তিন নম্বরে ছিল পাকিস্তান। যুক্তরাষ্ট্রকে টপকে সুপার এইটে যেতে নামিবিয়াকে হারালেই হতো ২০০৯ সালের চ্যাম্পিয়নদের। আর এই পথে দলকে দুর্দান্ত শুরু এনে দেন ফারহান।

সাইম আইয়ুবের (১৪) সঙ্গে ৪০ রানের উদ্বোধনী জুটির পর অধিনায়ক সালমানকে নিয়ে দলের খাতায় ফারহান যোগ করেন আরও ৬৭ রান। সালমানের (৩৭) বিদায়ে এই জুটি ভাঙার পরের ওভারেই খাজা নাফে (৫) সাজঘরে কিছুটা চাপে পড়ে পাকিস্তান। তবে চতুর্থ উইকেটে শাদাব খানকে নিয়ে আগ্রাসী মেজাজে ব্যাট চালিয়ে দলকে দুইশর কাছে নিয়ে যান ফারহান। ইনিংসের শেষ ওভারে ৫৭ বলে পূর্ণ করেন সেঞ্চুরি।

লক্ষ্য তাড়ায় উদ্বোধনী জুটিতে ৩২ রান এলেও এরপর ধসে পড়ে নামিবিয়ার ব্যাটিং অর্ডার। স্পিনারদের ঘূর্ণিতে দিশেহারা হয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। আইসিসির সহযোগী দেশটির অবস্থা আরও শোচনীয় হয় একাদশ ওভারে উসমান তারিক আক্রমণে আসার পর।

ডানহাতি এই স্পিনারের প্রথম ওভারটা কোনো বিপদ ছাড়া পার করলেও শেষ রক্ষা হয়নি নামিবিয়ার। ১৮ রানে শেষ ৫ উইকেট হারিয়ে তারা অলআউট হয় ১৭ ওভার ৩ বলে। ৩ ওভার ৩ বলে ১৬ রানে ৪ উইকেট নেন তারিক। শাদাবের শিকার ১৯ রানে ৩টি।

মন্তব্য করুন: