পরের টি-টুয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ

১৮ ফেব্রুয়ারি ২০২৬

পরের টি-টুয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ

অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে হতে যাওয়া আগামী টি-টুয়েন্টি বিশ্বকাপে সরাসরিই খেলবে চলমান বিশ্বকাপ বয়কট করা বাংলাদেশ। টি-টুয়েন্টি র‌্যাঙ্কিংয়ে শীর্ষ ১২ দলের মধ্যে থাকায় বাছাই পর্ব খেলতে হবে না তাদের।

২০২৮ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপে ১২টি দল কিসের ভিত্তিতে সরাসরি খেলবে তা বুধবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় আইসিসি।

২০২৬ আইসিসি টিটুয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্ব থেকে সুপার এইটে ওঠা দলগুলো ২০২৮ সালের আসরে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে। ‘এ গ্রুপ থেকে পাকিস্তান ও ভারত, ‘বি গ্রুপ থেকে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে, ‘সি গ্রুপ থেকে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড এবং ‘ডি গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকা ও নিউ জিল্যান্ড সুপার এইটে উঠেছে। এছাড়া সুপার এইট থেকে বাদ পড়া অস্ট্রেলিয়া স্বাগতিক দল হিসেবে নিউ জিল্যান্ডের সঙ্গে আগেই টুর্নামেন্টে সরাসরি খেলার নিশ্চয়তা পেয়েছিল।

এই ৯টি দলের বাইরে আইসিসি টিটুয়েন্টি দলীয় র‍্যাঙ্কিংয়ের ৯ মার্চের কাটঅফ তারিখ অনুযায়ী বাকি তিনটি দলও সরাসরি জায়গা পাবে। এই কাটঅফ তারিখটি টুর্নামেন্টের ফাইনালের পরদিন।

বর্তমান অবস্থান অনুযায়ী র‌্যাংকিংয়ে নবম স্থানে থাকা বাংলাদেশ, দশম স্থানে থাকা আফগানিস্তান ও দ্বাদশ স্থানে থাকা আয়ারল্যান্ড সেই তিনটি জায়গা পেতে যাচ্ছে, কারণ এই তিনটি দেশের র‍্যাঙ্কিংয়ে পরিবর্তন আনার মতো কোনো আন্তর্জাতিক ম্যাচ আর নেই।

২০ দলের টুর্নামেন্টের বাকি আটটি জায়গা নির্ধারিত হবে আঞ্চলিক বাছাই পর্বের মাধ্যমে। প্রতিটি অঞ্চলের প্রতিযোগিতার মান বিবেচনায় রেখে এই স্থানগুলো বণ্টন করা হবে।

মন্তব্য করুন: