ওমারজাইয়ের নৈপুণ্যে সুপার এইটের আশা বাঁচিয়ে রাখল আফগানিস্তান
১৬ ফেব্রুয়ারি ২০২৬
আজমতউল্লাহ ওমারজাইয়ের অলরাউন্ড নৈপুণ্যে এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপে প্রথম জয় তুলে নিয়েছে আফগানিস্তান। সংযুক্ত আরব আমিরাতকে ৫ উইকেটে হারিয়ে সুপার এইটের আশা বাঁচিয়ে রেখেছে গত আসরের সেমি-ফাইনালে খেলা দলটি।
সোমবার দিল্লিতে ‘ডি’ গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে আরব আমিরাতের দেওয়া ১৬১ রানের লক্ষ্য ৪ বল হাতে রেখে তাড়া করে আফগানরা। ১৫ রানে ৪ উইকেট নেওয়া ওমারজাই ২১ বলে ৪০ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।
৬ পয়েন্ট নিয়ে এই গ্রুপ থেকে সুপার এইট নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে নিউ জিল্যান্ড। মঙ্গলবার কানাডাকে হারালেই আফগানিস্তানকে বিদায় করে সুপার এইটে চলে যাবে কিউইরা। সেক্ষেত্রে ২ পয়েন্ট পাওয়া আফগানিস্তান তাদের শেষ ম্যাচে কানাডাকে হারালেও লাভ হবে না।
টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ২ ওভারে দুই ওপেনারকে হারায় আরব আমিরাত। তৃতীয় উইকেটে আলিশান শারাফু (৪০) ও শোয়াইব খানের জুটিতে বড় সংগ্রহের ভিত পায় তারা। কিন্তু মুজিব উর রহমান ৫৭ বলে ৮৪ রানের এই জুটি ভাঙার পর কমে আসে রানের গতি।
১৬তম ওভারে মুহাম্মদ আরফানকে তুলে নিয়ে টি-টুয়েন্টি ইতিহাসের প্রথম বোলার হিসেবে ৭০০ উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করেন আফগান অধিনায়ক রশিদ খান। ৬৮ রান করা শোয়াইবকে তুলে নিয়ে আরব আমিরাতের সংগ্রহটা আর বড় হতে দেননি ওমারজাই। শেষ পর্যন্ত তাদের ইনিংস থামে ৯ উইকেটে ১৬০ রানে।
লক্ষ্য তাড়ায় দ্বিতীয় বলেই রহমানউল্লাহ গুরবাজকে হারায় আফগানিস্তান। এরপর গুলবাদিন নাইব (১৩) ও সেদিকউল্লাহ আতালকে (১৬) নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন ইব্রাহিম জাদরান।
১৪তম ওভারের প্রথম বলে দলীয় ৯৭ রানে ৫৩ রান করা জাদরানের বিদায়ের পর ক্রিজে আসেন ওমারজাই। পঞ্চম উইকেটে দারউইশ রাসুলিকে (৩৩) নিয়ে ২৬ বলে ৪৩ রানের ঝড়ো জুটিতে জয়ের পথ সহজ করে দেন তিনি। এরপর মোহাম্মদ নবীকে নিয়ে ২২ রানের অবিচ্ছিন্ন জুটিতে ডানহাতি এই ব্যাটার দলকে জয়ের বন্দরে নিয়ে যান।















মন্তব্য করুন: