বিশ্বকাপে খেলতে ভারতে যাবে না বাংলাদেশ দল
৪ জানুয়ারি ২০২৬
খেলোয়াড়দের নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনায় আগামী মাসে শুরু হতে যাওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
রোববার পরিচালনা পর্ষদের জরুরি সভা শেষে সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, আইসিসিকে ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজনের জন্য অনুরোধ করা হয়েছে।
“বোর্ড গত ২৪ ঘণ্টার ঘটনাপ্রবাহ বিবেচনায় নিয়ে পরিস্থিতি বিস্তারিতভাবে পর্যালোচনা করেছে এবং ভারতে নির্ধারিত ম্যাচগুলোতে বাংলাদেশ জাতীয় দলের অংশগ্রহণ ঘিরে সংশ্লিষ্ট সামগ্রিক পারিপার্শ্বিকতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।”
“বিদ্যমান পরিস্থিতির পুঙ্খানুপুঙ্খ মূল্যায়ন এবং ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের প্রেক্ষিতে এবং বাংলাদেশ সরকারের পরামর্শ বিবেচনা করে, পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে যে, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয় দল এই টুর্নামেন্টের জন্য ভারত সফর করবে না।”
“বিসিবি ইভেন্ট কর্তৃপক্ষ হিসেবে আইসিসিকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে যেন বাংলাদেশের সব ম্যাচ ভারতের বাইরের কোনো ভেন্যুতে সরিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হয়।”
শনিবার সকালে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে মুস্তাফিজুর রহমানকে আইপিএলের দল থেকে বাদ দেয় গত মাসে নিলামে তাকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেওয়া কলকাতা নাইট রাইডার্স।
এই সিদ্ধান্তের পেছনে নির্দিষ্ট কোনো কারণ জানায়নি বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া। তবে গত কয়েক দিন ধরে মুস্তাফিজকে দলে নেওয়ার কারণে কলকাতা ফ্র্যাঞ্চাইজির কর্ণধার শাহরুখ খানের সমালোচনাসহ নানা ধরনের হুমকি দিয়ে আসছিল দেশটির সরকার দলীয় বিজেপির কিছু নেতা এবং উগ্রবাদী ধর্মীয় গুরুরা। তাদের দাবি, বাংলাদেশে হিন্দু সংখ্যালঘু জনগোষ্ঠী হামলার শিকার হচ্ছে।
২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে ভারত ও শ্রীলঙ্কা। সূচি অনুযায়ী গ্রুপপর্বের সব ম্যাচ ভারতে খেলার কথা ছিল বাংলাদেশের।















মন্তব্য করুন: